এক কোটি নয়, দুই কোটি
প্রত্যেককে দেওয়ার কথা ছিল এক কোটি রুপি করে। দেওয়াই যখন হবে বিশ্বজয়ী ক্রিকেটারদের, অর্থ-পুরস্কারের পরিমাণটা একটু কম হয়ে যায় না! পাঠক, আপনার যা-ই মনে হোক, ক্রিকেটাররা নিজেরাই নাকি এই অল্প অর্থে সন্তুষ্ট হতে পারছিলেন না। অসন্তুষ্টি কাটিয়ে সন্তুষ্টি এনে দিতে তাই বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে এক কোটির বদলে দুই কোটি রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক এন শ্রীনিবাসন আজ বুধবার এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি রুপি করে অর্থ-পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের কার্যনির্বাহী কমিটি। দলের প্রত্যেক সাপোর্ট স্টাফ পাবেন প্রত্যেকে ৫০ লাখ রুপি।বোর্ডের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটাররা কতটা সন্তুষ্ট হবেন, প্রশ্ন থেকেই যায়। এখনো তাঁদের দাবির যে অর্ধেকও পূরণ হয়নি! ক্রিকেটারদের দাবি নাকি ছিল পাঁচ কোটি রুপি করে। এ নিয়েই অনেকের মধ্যে অসন্তুষ্টি। তবে এসব খবরকে মিথ্যে বলে দাবি করেছেন শ্রীনিবাসন। ওয়েবসাইট।