এক ক্রিকেট যাযাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতগুলো দলে খেলেছেন, হিসাব আছে?প্রশ্নটা শুনে একটু যেন থতমত খেয়ে গেলেন রায়ান টেন ডেসকাট। আঙুলের কড় গুনে হিসাব করার চেষ্টা করে বললেন, ‘বলতে পারছি না, সাত-আটটি হবে হয়তো!’উত্তরটা কাছাকাছিই হয়েছে। চিটাগং কিংস তাঁর নবম টি-টোয়েন্টি দল! টি-টোয়েন্টি যুগের ‘ক্রিকেট যাযাবর’ তিনি, বলা যায় সত্যিকারের ‘ফ্রি ল্যান্সার’। এমনিতে নয়টি দলে খেলা খুব বিরল কিছু নয়। ব্র্যাড হজ, হার্শেল গিবসরা ১২-১৪টি দলেও খেলেছেন। কিন্তু ডেসকাটের মতো ক্রিকেটবিশ্ব জুড়ে এতটা পথ পাড়ি দেননি সম্ভবত আর কেউই। এই জায়গাটাতেই তিনি অনন্যসাধারণ। নিকট ভবিষ্যতেও টেস্ট খেলার সম্ভাবনা নেই, এমন এক দেশের (হল্যান্ড) ক্রিকেটার হয়ে ডেসকাট ক্রিকেট খেলেছেন সাতটি টেস্ট খেলুড়ে দেশে!খানিকটা ফাঁক থেকে গেল এই তথ্যটাতেও। এই ফাঁকটুকু ব্যাখ্যা করলে ফুটে উঠবে তাঁর বৈশ্বিক চরিত্রের আরেক অধ্যায়। ডাচ ক্রিকেটার বলা হয় তিনি হল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন বলেই। জন্ম-বেড়ে ওঠা আসলে দক্ষিণ আফ্রিকায়। ওয়েস্টার্ন প্রভিন্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। মূল দলে ঢুকি ঢুকি করছিলেন। ক্যারিয়ারের তো বটেই, বলা যায়, জীবনের মোড় ঘুরে গেল ২০০৩ সালে। প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল ইংলিশ কাউন্টি এসেক্স। সে সময়ই ডেসকাটকে মনে ধরে সেই সময়ের এসেক্স কোচ গ্রাহাম গুচের। এসেক্সের হয়ে খেলার প্রস্তাব দেন। জন্মভূমিতে ক্যারিয়ার অনিশ্চিত দেখে লুফে নেন গুচের প্রস্তাব। ওই বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, এখনো খেলছেন এসেক্সের হয়ে। তবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ মেলেনি। ডাচ বংশোদ্ভূত পরিচয়ের সুবাদে ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন হল্যান্ডের হয়ে। তবে সবচেয়ে বড় পরিচয় এখন ওই একটাই—টি-টোয়েন্টির যাযাবর!নিজেও দারুণ উপভোগ করেন এই পরিচয়। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই, ‘পাঁচ বছর আগেও ভাবা যেত না কেউ এভাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড...পুরো ক্রিকেটবিশ্ব জুড়ে খেলতে পারবে। আমি তো ভাবতেও পারিনি। টি-টোয়েন্টি এই সুযোগটা করে দিয়েছে। ক্যালিস-গম্ভীরদের সঙ্গে একই ড্রেসিংরুমে (কলকাতা নাইট রাইডার্সে) কাটাতে পারছি, এখানে এসে যেমন ব্রায়ান লারার সংস্পর্শ পেলাম...এসবই তো অভাবনীয়! কখনোই ভাবিনি ক্রিকেট থেকে এত কিছু পাব।’ কলকাতায় খেলে যেমন ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে সাকিব আল হাসানের সঙ্গে। দুজনই ফুটবল খুব ভালোবাসেন। তবে ডেসকাট আর্সেনালের সমর্থক, সাকিব বার্সেলোনার। আইপিএলে এ নিয়ে সব সময়ই চলত খুনসুটি।যাযাবর জীবনের যন্ত্রণাও কম নয়। স্যুটকেসটা সব সময় গুছিয়েই রাখতে হয়। আজ এখানে তো কাল ওখানে। এই নিউজিল্যান্ডের এইচআরভি কাপে ওটাগোকে চ্যাম্পিয়ন করিয়েই ছুটে এসেছেন বাংলাদেশে। এরপর খেলবেন দক্ষিণ আফ্রিকায়, সেটা শেষ হতে না হতেই আইপিএল। কিন্তু ‘যন্ত্রণা’ শব্দে প্রবল আপত্তি ডেসকাটের, এটা তাঁর কাছে আশীর্বাদ, ‘হিসাব করলে দেখা যাবে, আমার জীবনের বড় একটা সময় কেটে যাচ্ছে আকাশেই। কিন্তু জেটল্যাগ আমাকে খুব একটা ভোগায় না, ঘোরাঘুরি-ছোটাছুটিতে ক্লান্তি-শ্রান্তি নেই। ক্রিকেট আমি ভালোবাসি, আর ভালোবাসায় নিশ্চয়ই ক্লান্তি আসে না।’ক্লান্তি আসে না বলেই বিশ্বের কোনো প্রান্তে, যে দলের হয়েই মাঠে নামুন না কেন, ডেসকাট দারুণ সফল। আইসিসির সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দুবার, ইন্টারকন্টিনেন্টাল কাপে সর্বোচ্চ ইনিংস তাঁর (২৫৯*)। একটি জায়গায় তিনি তো বিশ্বসেরা। হাশিম আমলা (৫৮.৭০), মাইকেল বেভানদের (৫৩.৫৮) ছাড়িয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি গড় কিন্তু এই ডেসকাটেরই (৬৭.০০)! তবে এখানে তিনি ভীষণ রকম সৎ, পরিসংখ্যানের ফাঁকটাকেই বড় করে দেখেন, ‘প্রতিবারই মাঠে নামি নিজেকে উজাড় করে দিতে। পরিসংখ্যানে সেটার প্রতিফলন পড়লে তো ভালো লাগেই। তবে বাস্তবতা আমি জানি, সহযোগী দেশগুলোর বিপক্ষে প্রচুর রান করেছি আমি। বেভান, আমলা, ধোনি বা সত্যিকারের আন্তর্জাতিক পর্যায়ে রান করেছে এমন ক্রিকেটারদের সঙ্গে নিজেকে তাই তুলনা করি না।’টেস্ট দলগুলোর বিপক্ষে তাঁর গড়টাও দারুণ—৪২.৫৭। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের যে ইনিংসটি খেলেছিলেন, সেটি টেস্ট খেলুড়ে নয় এমন দেশের ব্যাটসম্যানের খেলা সেরা ইনিংসের তালিকার এক-দুই নম্বরেই থাকবে। ডেসকাটের কাছে কিন্তু এটি স্মরণীয় কিছু নয়, ‘ম্যাচটা তো আমরা হেরে গিয়েছিলাম! সেঞ্চুরির চেয়ে অপরাজিত ৪০ করে দলকে জেতানোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’কথাটা শুনে মনে পড়ল কিছুদিন আগের আরেকটি কথা। খুলনার বিপক্ষে অপরাজিত ৯৫ করার পর বলেছিলেন, ‘সেঞ্চুরির জন্য আক্ষেপ নেই, দল তো বড় স্কোর পেয়েছে।’ সেদিন কথাটাকে পেশাদারি বুলি মনে হয়েছিল। এই সাক্ষাৎকারে আবার বললেন, ‘বিশ্বাস করুন, ক্রিকেটে আমার কাছে সবচেয়ে সেরা অনুভূতি হলো দলের জয়।’না, রায়ান টেন ডেসকাট শুধুই খেলোয়াড় নন, সত্যিকার ক্রিকেটার!