অদ্ভুতভাবে চলছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। কোনো নিয়মকানুন নেই। যাকে সেখানে খুশি দায়িত্ব দেওয়া হচ্ছে। এটাকে অনেকে বলেন ‘পুনর্বাসন’।বর্তমান সরকার ক্রীড়াঙ্গন থেকে নির্বাচনকে নির্বাসন দিয়ে আলাদা করে চোখে পড়ার মতো কিছু ঘটনার জন্ম দিয়েছে। আপাদমস্তক ফুটবল সংগঠক ফজলুর রহমানকে খো খো ফেডারেশনের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক করেছে। বাস্কেটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বসেছেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে।আজীবন যিনি ফুটবল নিয়েই কাজ করে এসেছেন, তাঁকে খো খোর সাধারণ সম্পাদক করার মাধ্যমে একটা ব্যাপার পরিষ্কার হয়েছে, এ দেশে চাইলে ‘প্রয়োজনের তাগিদে’ কোনো একজন সংগঠককে সম্পূর্ণ ভিন্ন একটা খেলার দায়িত্ব দেওয়া যায়!অনেক ক্ষেত্রেই বিবেচনায় চলে আসে পাওয়া না-পাওয়ার হিসাব। ‘আমি সরকারের লোক, কিন্তু আমি কী পেলাম’—যখনই প্রশ্নটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেন, তখনই কর্তৃপক্ষ বলে ‘ঠিক আছে কোথাও খালি হলে আপনাকে বসিয়ে দেব’।তবে এতে একটা সমস্যা আছে, ভিন্ন জগতের মানুষকে কোনো খেলার মূল দায়িত্বে বসিয়ে দেওয়ার অর্থ, ওই ভদ্রলোক সমুদ্রে খড়কুটো হাতড়ানোর মতো অবস্থায় পড়ে যাবেন। খেলাটা সম্পর্কেও তো তাঁর ধারণা থাকে না। তার পরও অনেকে সেধেই এবং কখনো কখনো তদবির করে ভিন্ন জগতের বড় কোনো দায়িত্ব নেন। নিজেকে একটা ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দেখা তো স্বপ্ন স্বপ্ন ব্যাপারই!তবে ইমতিয়াজ আহমেদের কাছে সেটি স্বপ্ন ছিল না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিবের মতো বড় পদে থাকার পর সাইক্লিংয়ের সাধারণ সম্পাদক পদ এমন কি!তবু তিনি এলেন। কেন এলেন? প্রেক্ষাপট ছিল এমন—এসএ গেমসের সময় সাইক্লিংয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল। সেটির প্রতিবেদন বেরোনোর পর সাইক্লিং থেকে সাধারণ সম্পাদক করার মতো উপযুক্ত কাউকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন এই ফেডারেশনের সভাপতি হিসেবে নতুন নিয়োগ পান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান। কমিটি করার দায়িত্ব পেয়ে তিনি ইমতিয়াজকে অনুরোধ করে সাইক্লিংয়ে এনেছেন বলে কাল জানালেন।ইমতিয়াজ নিজেও বললেন, ‘তখনকার বিশেষ পরিস্থিতিতে সরকার আমাকে সাইক্লিংয়ে চেয়েছে, তাই দায়িত্ব নিয়েছি।’ তাঁর দাবি, ‘ফেডারেশনে তো টেকনিক্যাল লোক থাকে, তারা সেই দিকটা দেখে। সেক্রেটারি নীতিনির্ধারণী কাজ করে, স্পনসর আনে...। কজেই ভিন্ন অঙ্গন থেকে এসে আমার কোনো সমস্যা হচ্ছে না।’ফজলুর রহমানের কথা, ‘খো খো ভালো চলছিল না। দুরবস্থায় পড়ে যাওয়া এই ফেডারেশনকে সাহায্য করতে সরকার আমাকে অনুরোধ করেছিল। আমি এই খেলার কিছুই বুঝতাম না। অনুরোধে পড়েই দায়িত্বটা নিয়েছি। গত কয়েক মাসে কয়েকটা টুর্নামেন্ট করেছি। এখন দেখছি নানা সমস্যা। আমার আর ভালো লাগছে না।’এক অঙ্গনের মানুষকে আরেক অঙ্গনে নিলে ভালো না লাগাই স্বাভাবিক। কিন্তু সরকার কি আর এত কিছু ভাবে! তাও ভালো, সাইক্লিং-খো খোর এই দুটি উদাহরণের বাইরে আর বড় কোনো উদাহরণ নেই। তবে যতটুকু হয়েছে, সেটিও ক্রীড়াঙ্গনের জন্য আদর্শ কিছু নয়। ফেডারেশনে নির্বাচন না দিলে এটাই তো স্বাভাবিক!