এক গাম্বিয়ানের হাতে জামালের যুবদল
যুব ফুটবল নিয়ে কাজ করতে এত দিন তেমন আগ্রহী ছিল না দেশের শীর্ষ ক্লাবগুলো। এবার বাফুফের কঠোর অবস্থান ক্লাবগুলোকে বাধ্য করছে একটি অনূর্ধ্ব-১৬ দল তৈরি করতে। আর এই উদ্যোগ খুলে দিয়েছে নতুন দুয়ার। নিজেদের যুব দল তৈরি করতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিয়ে এসেছে একজন বিদেশি কোচ! ৩৫ বছর বয়সী গাম্বিয়ান ওমর সিসে হলেন সেই কোচ। বাংলাদেশে এসেছেন সপ্তাহ খানেক আগে, মাধ্যম ছিলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। অনলাইনে দুজনের যোগাযোগ। সেই সূত্রে শেখ জামালের দরজায় কড়া নেড়েছেন ওমর। শেখ জামালও তাতে রাজি হয়ে তাঁকে নিয়ে এসেছে। এটা বাংলাদেশের ফুটবলে একটা উল্লেখযোগ্য ঘটনা যে, শুধু যুব ফুটবলের জন্য বাংলাদেশের কোনো ক্লাব একজন ভিনদেশি কোচ আনল। কোচ আনাই তো সব নয়, দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা কি আছে শেখ জামালের? কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন কোচকে নিয়ে এসে শেখ জামালের সভাপতি মনজুর কাদের বললেন, ‘আমরা এখনো চূড়ান্ত কর্মপদ্ধতি ঠিক করিনি। তবে এই কোচের হাতে যুব ফুটবল দল তৈরির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। দেখা যাক না, কত দূর যেতে পারি।’ এই মিশনে সবচেয়ে বেশি প্রয়োজন যুব ফুটবল নিয়ে কাজ করার অভিজ্ঞতা। গাম্বিয়ার জাতীয় ও যুব দলে খেলা ওমর সিসের সেটি আছে। চোটের কারণে তাঁর খেলোয়াড়ি জীবন শেষ হয় মাত্র ২৭ বছর বয়সে। তারপর এসেছেন কোচিংয়ে। গাম্বিয়ান অনূর্ধ্ব-১৬, ১৭ দলের কোচ ছিলেন। কোচিং করিয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখানেই তিনি থাকেন। ‘আমি মূলত একাডেমি ও ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছি। আফ্রিকার ফুটবলে গাম্বিয়া পিছিয়ে, এটা ঠিক, তবে যুব ফুটবলে আফ্রিকার মধ্যে পাঁচ বছরে দুটি টুর্নামেন্ট জিতেছে গাম্বিয়া। যুব খেলোয়াড় তৈরির প্রক্রিয়াটা অনেক লম্বা, আমি সেই পথ পাড়ি দিয়েছি এরই মধ্যে। নিজের অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চাই। আশা করি ভালো করব’—বলছিলেন সিসে।