এক ছাদের নিচে আনন্দক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব তারা এসে মিলল একই ছাদের নিচে। কাল সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমটা ঝলমল করেছে তারকাদ্যুতিতে l প্রথম আলো
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব তারা এসে মিলল একই ছাদের নিচে। কাল সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমটা ঝলমল করেছে তারকাদ্যুতিতে l প্রথম আলো

ময়মনসিংহ থেকে মাইক্রোবাস নিয়ে সপরিবারে ঢাকায় এলেন ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায়। গত বছর বর্ষসেরা রানারআপ হয়েও অনুষ্ঠানে থাকতে পারেননি খেলার জন্য বিদেশ সফরে থাকায়। এবার তাই কোনোভাবেই গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে না এসে পারলেন না। দেশের ক্রীড়াঙ্গনের এক ছাতার নিচে আসার স্মরণীয় সময়টা বিদ্যুতের মতো সবাইকেই টানে।
এ কারণেই কেউ খেলা বন্ধ রেখে, কেউ দিনের সব কাজ ফেলে রেখে এ অনুষ্ঠানে ছুটে আসেন। কিছু সময়ের জন্য হারিয়ে যান। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলে যেমন ‘বন্ধু কী খবর বল’ স্মৃতিচারণায় যেমন মেতে ওঠেন সবাই, ঠিক তেমন দৃশ্য এখানেও মঞ্চায়িত হয়। বছর ঘুরে এভাবেই এই একটা দিন লাল-সবুজের ক্রীড়াঙ্গন ফিরে যায় আনন্দময় সময়ে।
চায়ের কাপ হাতে আড্ডা, একে অন্যের সুখ-দুঃখের গল্প করা, কোলাকুলি, করমর্দন—সবই এই অনুষ্ঠানের অপরিহার্য অনুষঙ্গ। এ অনুষ্ঠানকে ঘিরে মিলনমেলা শব্দটি এতবার লেখা হয়েছে যে, নতুন শব্দ খুঁজে বের করার সময় এসে গেছে। তবু এটিকে মিলনমেলা শব্দটি ছাড়া বর্ণনা করাটা কঠিন। ক্রিকেটার, ফুটবলার, হকি খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের সব খেলার প্রতিনিধিত্বই থাকে এখানে। হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে কালও তার ব্যতিক্রম হলো না।
খেলোয়াড়েরা তো ছিলেনই, সংগঠক, আম্পায়ার, রেফারি—নবীন-প্রবীণের দূরত্ব ঘুচিয়ে সবাই হয়ে ওঠেন প্রাণপ্রিয়। সেই তালিকায় একটি নাম অবশ্যই বলা উচিত—রণজিৎ দাস। ২০০৬ সালে গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন, সেই থেকেই এই ক্রীড়াব্যক্তিত্ব প্রতিবছর সিলেট থেকে চলে আসেন অনুষ্ঠানে। অসুস্থ শরীর নিয়েও ঢাকা-সিলেট ভ্রমণের ক্লান্তি তাঁর কাছে তুচ্ছ। কাল প্রায় সবার আগে অনুষ্ঠানে এসে বলছিলেন, ‘শরীর দুর্বল। কিন্তু মন এত শক্ত যে এই অনুষ্ঠানের “স্বাদ” না নিয়ে পারি না।’
জহিরুল হক, রাইসউদ্দিন আহমেদ, জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, মোহাম্মদ কায়কোবাদ, লুৎফর রহমান মাখন, সামিউর রহমানদের মতো অতীতের ক্রীড়াব্যক্তিত্বরা যেমন ছিলেন, উদীয়মান খেলোয়াড় এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরাও বাদ যাননি। খুদে ফিদে মাস্টার ফাহাদ রহমানের উপস্থিতিও অনুষ্ঠানকে করেছে আলোকিত।
আলোর ছটা ছুটে বেড়াল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে ছবি তোলার হিড়িকও পড়ল। মুশফিক-সাকিবদের পাশাপাশি সিদ্দিকুর রহমানের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেননি অনেকে। এই অনুষ্ঠান তো খেলোয়াড়দের এক সূত্রে গাঁথে। এই অনুষ্ঠানে এসেই মুশফিকুর রহিমের সঙ্গে দেখা হয়ে গেল ২০০৬ কলম্বো এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনির। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রনিকে আলিঙ্গনে বাঁধলেন। এই ছবি বিরল।
অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় দুই তারকাকে নিয়ে ফটোসাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশব্যাক জ্বলল। সিদ্দিকুর এবং সাকিব পাশাপাশি দুই সারিতে। সারা বছর দুজনকে একসঙ্গে পাওয়া হয় না। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের তাৎপর্যটা তাই বোঝাই যায়।
এ মোহনায় থাকতে পারার তৃপ্তি নিয়ে অনুষ্ঠান শেষে যখন সবাই বাড়ি ফিরছেন, সবার চোখেমুখেই মুগ্ধতা। সঙ্গে অজস্র স্মৃতির কোলাজ। আগামী এক বছর এসবের রোমন্থন চলবে। অপেক্ষা থাকবে আগামী বছর আবার এক ছাদের নিচে আসার।