এক জিমনেসিয়াম নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবনের জিমনেসিয়ামে ঢুকলে কান পাতা দায়। একদল কারাতেকা ‘খেয়াই’ (চিৎকার করে অনুশীলন) করছেন তো সঙ্গে চলল তায়কোয়ান্দো খেলোয়াড়দের চিৎকার। সবাই ব্যস্ত অনুশীলনে।শুধু কারাতে আর তায়কোয়ান্দোই নয়, এখানে অনুশীলন করেন জিমন্যাস্টিকস, উশু, জুডো ও কুস্তি খেলোয়াড়েরাও। স্বল্প পরিসরে পাশাপাশি এমন অনুশীলনে আসলে কারোরই উপকার হচ্ছে না। ফেডারেশনগুলোর স্বতন্ত্র জিমনেসিয়াম না থাকায় এনএসসির জিমনেসিয়ামটাই সবার ভরসা। ১৯৭৫ সালে জিমন্যাস্টদের জন্য প্রথম বরাদ্দ দেওয়া হয় এই জিমনেসিয়াম। কিন্তু পরে তায়কোয়ান্দো, কারাতে, জুডো, উশু এই জিমনেসিয়ামের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এখনকার এই জগাখিচুড়ি অবস্থায় কোনো খেলারই পরিপূর্ণ অনুশীলন হয় না।জিমনেসিয়ামের ভেতরে ঢুকতেই ভাপসা গন্ধ নাকে লাগে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নেই বলে ঘেমে-নেয়ে একাকার হন অ্যাথলেটরা। একপাশে হার্ডবোর্ডের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। মাকড়সার জাল। কাঠের গ্যালারিগুলো নোংরা। এখানে-সেখানে ছেঁড়া নেকড়া ও হারপিকের খালি বোতল পড়ে আছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই অনুশীলন চলে। আলোকস্বল্পতায় ঠিকমতো দেখাও যায় না কিছু। প্যারালাল বার ও পোল ভল্টের সরঞ্জাম একপাশে সরানো। ফ্লোর ইভেন্টের নিম্নমানের ম্যাটগুলো নোংরা। পাশাপাশি পাতা দুটো ম্যাটের মাঝে অনেক ফাঁকা। অনুশীলনরত জিমন্যাস্ট মোহাম্মদ রুবেল জানালেন, ‘আমাদের কোনোই মূল্যায়ন নেই। এমন পরিবেশ দেখে এখন কেউ অনুশীলনেই আসতে চায় না। অনেকেই খেলা ছেড়ে চলে গেছে।’ গত ডিসেম্বরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে হয়েছিল দক্ষিণ এশিয়ান চতুর্থ আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকস। ওই সময় বিশ্ব জিমন্যাস্টিকস ফেডারেশন অনুদান হিসেবে দিয়েছে প্রায় ৭০ লাখ টাকার সরঞ্জাম। সেগুলোও জায়গার অভাবে বসানো যাচ্ছে না। বিকেএসপিতে পড়ে আছে সেগুলো। সবকিছু নিয়ে উদ্বিগ্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, ‘পাঁচ-ছয়টি ফেডারেশন ভাগাভাগি করে অনুশীলন করে বলে কারোরই ঠিকমতো অনুশীলন হয় না। ১০টা বিভাগের মধ্যে মাত্র চারটার অনুশীলন করতে পারি আমরা। এসব কারণে ছেলেমেয়েরা উৎসাহ হারিয়ে ফেলে।’জিমন্যাস্টিকসের পাশেই চলে কারাতের অনুশীলন। কখনো নিজেদের ম্যাট রেখে উশুর ম্যাটে গিয়েও অনুশীলন করেন কারাতেকারা। গত এসএ গেমসে সোনাজয়ী হাসান খান (সান) জানালেন, ‘এখানে ভাগাভাগি করে অনুশীলন করতে আমাদের সমস্যা হয়।’ ফেডারেশন থেকে মিরপুর ইনডোরে উশু ও কারাতের অনুশীলনের প্রস্তাব দিলেও যাতায়াতের সমস্যা দেখিয়ে বেশির ভাগ খেলোয়াড়ই সেখানে যেতে আগ্রহী নন। নিজেদের ম্যাট নেই বলে কুস্তির ম্যাটেই অনুশীলন করেন উশু খেলোয়াড়েরা। উশুতে গত এসএ গেমসে ব্রোঞ্জ জয়ী আবু বকর বললেন, ‘কুস্তির খেলোয়াড় এলেই ম্যাট ছেড়ে চলে যেতে হবে। এ রকম হলে অনুশীলনে পুরো মনোযোগ দেওয়া যায় না।’ এসব খেলার অ্যাথলেটদের দাবি আলাদা জিমনেসিয়াম। সরকারও এটা জানে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। এনএসসির সচিব শফিক আনোয়ার বললেন, ‘ফেডারেশনগুলোর জন্য আলাদা আলাদা জিমনেসিয়াম করার পরিকল্পনা রয়েছে আমাদের। কিন্তু এ ক্ষেত্রে জায়গা নির্বাচন ও নির্মাণ-ব্যয় একটা ব্যাপার। তাই চাইলেও খুব তাড়াতাড়ি এটা করা যাবে না।’‘খুব তাড়াতাড়ি করা যাবে না’, অর্থাৎ এনএসসি জিমনেসিয়াম এমন ভাগের মা হয়েই থাকবে। চলবে এই টানাহেঁচড়া।