এক জুটিতেই পিষ্ট ভারত
অ্যাডিলেড ওভালে টেস্ট হলেই নাকি খেলা দেখতে আসে ডন ব্র্যাডম্যান, ক্লেম হিল, জো ডার্লিং, ক্ল্যারি গ্রিমেটদের আত্মা। প্রচলিত ধারণাটা যদি সত্যি হয়ে থাকে, পন্টিং-ক্লার্কের ব্যাটিং দেখে দুই দিনে নিশ্চয়ই দারুণ তৃপ্ত হয়েছেন ব্র্যাডম্যান! রেকর্ড বুকের দু-একটি জায়গা থেকে তাঁর নাম মুছে গেছে। তবে অসংখ্য রেকর্ড আর কীর্তির কারিগর যিনি, তাঁর নিশ্চয়ই সেটা নিয়ে আক্ষেপ নেই। বরং উত্তরসূরিদের আনন্দদায়ী ব্যাটিং উপভোগের আনন্দটাই তাঁর কাছে বড় হওয়ার কথা!সিরিজটা দুজনের জন্য ছিল দুই রকম চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন আগেই। এখন স্রেফ উপভোগের পালা। রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের মতো দুজন যখন ব্যাটিং উপভোগ করতে শুরু করেন, নিখাদ ক্রিকেটপ্রেমীদের জন্য এর চেয়ে উপভোগ্য আর কী হয়! দুজনই করেছেন চোখ ও মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়া ডাবল সেঞ্চুরি। দুজনের ম্যারাথন জুটিতে পিষ্ট হয়েছে ভারত। ম্যাচের গতিপথ এগোচ্ছে আগের তিন টেস্টের চিত্রনাট্য মেনেই। রান পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে এই ম্যাচ অন্তত হারছে না তারা। জয়ের সম্ভাবনাই বেশি। শেষ বিকেলে ইনিংস শুরু করে যথারীতি দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলেছে ভারত, চোখ রাঙাচ্ছে টানা তৃতীয় ইনিংস পরাজয়। ফলোঅন এড়াতে চাই আরও ৩৪৪ রান।ব্র্যাডম্যানের আত্মা মাঠে থাকুক আর না থাকুক, নামটার উপস্থিতি ছিল সারা দিনই। পন্টিং-ক্লার্কের অতিমানবীয় জুটিতে রেকর্ড বইয়ের পাতায় এত নড়াচড়া হলো যে, বারবারই এল ব্র্যাডম্যানের নাম। এই মাঠের সর্বোচ্চ জুটি, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সর্বোচ্চ জুটি পেরিয়ে জুটি এগিয়ে যাচ্ছিল চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার সেরা জুটির রেকর্ডের দিকে। কিন্তু ক্লার্কের আউটে ৩৮৬ রানে থেমে গেল সেই আলোচনা, চতুর্থ উইকেটে ব্র্যাডম্যান ও পন্সফোর্ডের ৭৮ বছরের পুরোনো অস্ট্রেলিয়ান রেকর্ড তখন মাত্র ২ রান দূরে!দিনটা কেমন যাবে, ইঙ্গিত মিলেছিল সকালেই। পন্টিং-ক্লার্কের ব্যাটে সকাল থেকেই স্ট্রোকের ফুলঝুরি, প্রথম ছয় ওভারেই বাউন্ডারি এল সাতটি! আগের দিনের মতো একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাও হলো। ‘জিতলেন’ ক্লার্ক, লাঞ্চের আগেই ছুঁয়ে ফেললেন সিরিজের দ্বিতীয় দ্বিশতক, মাত্র ২৫৫ বলে। পন্টিং লাঞ্চে গিয়েছিলেন ১৯৮ রানে। তবে ডাবল সেঞ্চুরির সময় পাশে পাননি অধিনায়ককে। লাঞ্চের পর প্রথম ওভারেই উমেশ যাদবের ভেতরে ঢোকা বলে বোল্ড ক্লার্ক। যাদবের পরের ওভারেই পুল করে ক্যারিয়ারের ষষ্ঠ, ভারতের বিপক্ষে তৃতীয় আর এই মাঠে দ্বিতীয় দ্বিশতক পন্টিংয়ের। আউটও হয়েছেন পুলে, ডিপ মিড উইকেটে শচীন টেন্ডুলকারের ক্যাচ হয়ে। অস্ট্রেলিয়া ৬০০ পেরোনোর পর ইনিংস ঘোষণা করে ভারতীয় বোলারদের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন ক্লার্ক।উইকেট তখনো ব্যাটিং স্বর্গ। কিন্তু ভারতের মূল সমস্যাটা যে এখন মানসিক, এটার প্রমাণ দিতেই যেন পিটার সিডলের ফুল টসে ফিরতি ক্যাচ দিলেন শেবাগ। সেটি ছিল সিডলের প্রথম বল। দ্রাবিড় আবারও বোল্ড, এবার অবশ্য খানিকটা দুর্ভাগা। বাউন্স করে স্টাম্পের ওপর দিয়েই যেত বল। কিন্তু দ্রাবিড়ের হাতে লেগে বল লাগল স্টাম্পে। ভাগ্যেরও যে বাছবিছার আছে! ওয়েবসাইট।জুটি-কাহন অস্ট্রেলিয়ার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ জুটি ক্লার্ক-পন্টিংয়ের ৩৮৬। সর্বোচ্চ ১৯৩৪ অ্যাশেজে ওভালে দ্বিতীয় উইকেটে বিল পন্সফোর্ড ও ডন ব্র্যাডম্যানের ৪৫১। চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। সর্বোচ্চ আবারও পন্সফোর্ড-ব্র্যাডম্যানের, ১৯৩৪ অ্যাশেজেই হেডিংলিতে ৩৮৮। অস্ট্রেলিয়া-ভারত টেস্টে সবচেয়ে বড় জুটি এটিই। আগের সর্বোচ্চ ৩৭৬ ছিল স্মরণীয় সেই ২০০১ কলকাতা টেস্টে, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের ৩৭৬। অ্যাডিলেড ওভালেও সবচেয়ে বড় জুটি এটি। আগের সর্বোচ্চ ৩৪১ ছিল দক্ষিণ আফ্রিকার এডি বারলো ও গ্রায়েম পোলকের, ১৯৬৪ সালে। ভারতের বিপক্ষে সব মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৫৭৬ সনাৎ জয়াসুরিয়া ও রোশান মাহনামার, ১৯৯৭ সালে কলম্বোতে। ১৯৮৩ সালে হায়দরাবাদে মিয়াঁদাদ-মুদাসসর জুটিতে এসেছিল ৪৫১। ভারতের বিপক্ষে ৮ ইনিংসে পন্টিং-ক্লার্ক জুটির রান এখন ৯৪২। অস্ট্রেলিযান জুটিগুলোর মধ্যে সর্বোচ্চ ল্যাঙ্গার-হেইডেন জুটির ৯৪৯।