বিপিএলের প্রথম আসরের প্রায় পুরোটা জুড়েই আলোচনায় ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় আসর প্রায় সমাগত। কিন্তু সেই বিতর্ক শেষ না হয়ে আরও বড় আকার নিল তামিম ইকবালের অভিযোগে—বিপিএলের দল চিটাগং কিংসের কাছ থেকে এক টাকাও পাননি তিনি। চেক প্রত্যাখ্যাত হয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে মিথ্যা বলার প্ররোচনাও নাকি তাঁকে দিয়েছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী!‘আমি এখনো একটা টাকাও পাইনি। সামির কাদের চৌধুরী আজ থেকে ছয়-সাত মাস আগে আমাকে একটা চেক দিয়েছিলেন। ১ কোটি টাকার। জমা দেওয়ার পর সেটা বাউন্স করেছে। তার পর থেকে তিনি আমাকে দুই দিন পর পর তারিখ দেন। কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করেননি’—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কাল প্রথম আলোকে বলেছেন তামিম ইকবাল। বকেয়া টাকার জন্য বিপিএলের পর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মুঠোফোনে অসংখ্য বার্তাবিনিময় হয়েছে তামিম ও সামিরের মধ্যে। শুরুর বার্তাগুলোয় টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও সর্বশেষ বার্তায় টাকার জন্য তামিমকে বোর্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক। আইকন খেলোয়াড় হিসেবে চিটাগং কিংসের কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার পাওয়ার কথা তামিমের।গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে চিটাগং কিংসের ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলেছেন তামিম। তামিম নিজেই সে জন্য পুরো টাকা দাবি করেননি, ‘মাঝে অসুস্থ ছিলাম। এ কারণেও কোনো কোনো ম্যাচে আমি খেলতে পারিনি। ওনাকে (সামির) তাই বলেছিলাম, “আমি আর আপনি বসে একটা অঙ্ক ঠিক করি।” পরে সেই অঙ্কটা ১ কোটি টাকায় ঠিক হয়। এর দুই দিন পর সামির কাদের চৌধুরী ১ কোটি টাকার চেক দিলেও ব্যাংকে জমা দেওয়ার পর সেটি বাউন্স করে।’তামিমের দাবি, চেক বাউন্সের সন্তোষজনক ব্যাখ্যাও তিনি পাননি, ‘উনি বলেছেন কেন এটা হলো তা খতিয়ে দেখবেন। পরে আর কিছু জানাননি। এর অনেক পরে ভাগে ভাগে টাকা নেওয়ার প্রস্তাব দেন। আমি তাতেও রাজি হই। কিন্তু টাকা আর দেননি।’ উল্টো সামির বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে মিথ্যা বলার প্ররোচনাও নাকি দিয়েছেন তাঁকে, ‘সামির কাদের চৌধুরী আমাকে এটাও বলেন, আমি যেন বোর্ডকে বলি, আমি পুরো টাকা পেয়েছি। কিন্তু সেটা আমি করিনি। আমি বিপিএল কমিটিকে জানাই, “তিনি আমাকে এ রকম কথা বলতে বলেছেন। এটা আপনাদের জানিয়ে রাখলাম।” তবে অভিযোগের সুরে বলিনি। আমি চাচ্ছিলাম না ওনার (সামির) সঙ্গে সম্পর্ক খারাপ করে টাকাটা হারাই। এখন যখন দেখছি, সাত মাস ধরে উনি আমাকে শুধু ঘোরাচ্ছেন, আমার হাতে অন্য কোনো উপায় নেই।’প্রাপ্য টাকা বুঝে পেতে তামিম এখন তাকিয়ে আছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে, ‘আমি চাচ্ছিলাম জিনিসটা সুন্দরভাবে শেষ করে দিতে। কিন্তু যখন দেখলাম যে ওনার পক্ষ থেকে কোনো কিছুই দেওয়া হচ্ছে না, তখন আমি বিপিএল কমিটিকে (গভর্নিং কাউন্সিল) বিষয়টা জানাই।’ ওনারা নিশ্চয়তা দিয়েছেন, ব্যাপারটা দেখবেন। আমারও পুরোপুরি বিশ্বাস আছে, তাঁরা এ সমস্যার সমাধান করে দেবেন। আমি নিশ্চিত, বিপিএল কমিটি আমার যেটা প্রাপ্য সেটা আমাকে এনে দেবেন।’ বিপিএলে খেলা বাংলাদেশি কোনো খেলোয়াড়ই এখনো পুরো টাকা পাননি। তবে এক টাকাও না পাওয়া একমাত্র ক্রিকেটার সম্ভবত তামিমই।কেন এই ব্যতিক্রম? সেটা বুঝতে পারছেন না তামিম নিজেও, ‘আমার কোনো ধারণা নেই। সত্যি বলতে কী, ও রকম বড় কোনো ঝামেলা হয়নি তাদের সঙ্গে। গত সাত মাসে তো আমি তিন-চারবার ওনার (সামির) বাসায় গেছি, কথা বলেছি। তবে যখনই টাকার প্রসঙ্গ আসে, তখনই সমস্যা হয়।’ বিপিএলের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন বিষয়ে তামিমের বিরোধের খবর পাওয়া যাচ্ছিল। চিটাগং কিংস একবার বিসিবিকে চিঠি দিয়েও জানিয়েছিল বিষয়টা। তবে তখন কেউই এই বিরোধের কথা স্বীকার করেননি।