এক দশক পর সেমিফাইনালের দেখা
টানা দুই ম্যাচ জয়, বীরদর্পে এগিয়ে যাওয়া...বাংলাদেশের ফুটবল বদলে গেল নাকি!দুই ম্যাচ জিতেই বদলে গেছে সব বলাটা মোটেও ঠিক নয়। তবে বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক রেকর্ডপত্র এটিকে একটা বদল বলে স্বীকৃতি দিতে বাধ্য।নেপালের বিপক্ষে ৩-০, কাল ভুটানের বিপক্ষে ৪-০—টানা দুই জয় এসএ গেমস ফুটবলের সেমিফাইনালে তুলে দিয়েছে বাংলাদেশকে। সর্বশেষ দক্ষিণ এশীয় গেমস ফুটবলের সেমিফাইনালে খেলা হয়েছিল ১৯৯৯ কাঠমান্ডুতে, গেমস ফুটবলের ইতিহাসে পাওয়া একমাত্র সোনাটিও ওইবারই। তারপরের গেমস দুটির কথা ভুলে যেতে পারলেই ভালো। সেমিফাইনালেই তো ওঠা যায়নি!শিরোপা লড়াইয়ে ফিরে আসা গেল আবার। এটা ফুটবলে বড় খবরই। তবে এতে উল্লসিত হওয়ার কিছু দেখছেন না ফুটবলের বিদ্বজনেরা। গত সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছে জাতীয় দলের আটকে যাওয়া তো এখনো দগদগে ঘা। এবার বলা হচ্ছে, অন্যদের চেয়ে বাংলাদেশ এগিয়ে। তবে আসল পরীক্ষাটা অবশ্যই সেমিফাইনাল, তারপর ফাইনাল।দুটি করে জয় নিয়ে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ-মালদ্বীপ সেমিফাইনালে যাওয়ায় এই দুই দলের মুখোমুখি ম্যাচই ঠিক করবে, কারা গ্রুপ চ্যাম্পিয়ন। গোল গড়ে এগিয়ে থাকায় বাংলাদেশ ড্র করলেই গ্রুপসেরা হবে। চট্টগ্রামে অনুষ্ঠানরত ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। ভারত বা শ্রীলঙ্কা হবে তাদের সঙ্গী।পাকিস্তানের পর নেপাল-ভুটানও বিদায় নিয়েছে গেমস থেকে। ভুটান প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে আত্মসমর্পণ করেছিল ৮৪ মিনিটে গোল খেয়ে। সেই ভুটান কাল লড়তেই পারল না বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশই আসলে মাথা তুলতে দেয়নি শিক্ষানবিশ দলটিকে। গত মাসে সাফ ফুটবলে বাংলাদেশের কাছে ৪ গোল খাওয়া ভুটানের (১-৪) বিপক্ষে কালকের জয়টা প্রত্যাশিতই। ৪৩ মিনিটে ওয়ালির ক্রসে এনামুলের টোকায় প্রথম গোল পায় বাংলাদেশ। ৫০ মিনিটে নাসিরের একক প্রচেষ্টায় আসে দ্বিতীয় গোল, ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় জিতুর পাসে ইউসুফের টোকায় তৃতীয় গোল এবং ৭৫ মিনিটে জিতুর পেনাল্টি গোলে স্কোরলাইন হয় ৪-০।বাংলাদেশ দল: আমিনুল, নাসির, মিন্টু শেখ, ওয়ালি ফয়সাল, রোজাউল, আতিকুর, মামুনুর, শাকিল (মিঠুন), ইউসুফ, এনামুল (জিতু), এমিলি (সবুজ)।মালদ্বীপকে চেনা যাচ্ছে নাসাফ ফুটবলের রানার্সআপ মালদ্বীপকে দক্ষিণ এশীয় গেমসের ফুটবলে খুঁজে পাওয়া যাচ্ছে না! জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ দল হলেও এই দলে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার আশফাক আলী আছেন, যিনি একাই টেনে নিতে পারেন দলকে।তবে এই মালদ্বীপকে টানতে পারছেন না আশফাক। ভুটানের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর (১-০) নেপালের বিপক্ষেও জয় তাদের একই ব্যবধানে। এই ম্যাচেও পেনাল্টি মিস। ১২ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগান অধিনায়ক ওমর ইব্রাহিম। তবে ৫২ মিনিটে ওমরেরই পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন নেপালের গোলরক্ষক।