এক দশকের অপেক্ষার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকেই টেস্ট সেঞ্চুরির কথা কি মনে পড়ে, হ্যামিল্টন?হ্যামিল্টন মাসাকাদজা হাসেন, ‘প্রতিটা রানই মনে আছে। আমার টেস্ট সেঞ্চুরি তো ওই একটাই।’জিম্বাবুয়ে একাদশের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। বাইরে বসে রোদ পোহাতে পোহাতে খেলা দেখছেন। তখনই এই কথোপকথন। পরের সেঞ্চুরিটা কবে? মাসাকাদজা আবার হাসেন, ‘জানি না। দ্বিতীয় টেস্টেই কিন্তু হয়ে গিয়েছিল প্রায়। ৮৫ করেছিলাম।’২০০১ সালের ২৯ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই মাসাকাদজার সেঞ্চুরি। বিশ্ব রেকর্ডও। সে দিন তাঁর বয়স ১৭ বছর ২৫৪ দিন। এর আগে টেস্ট অভিষেকে তাঁর চেয়ে কম বয়সে কেউ সেঞ্চুরি করতে পারেননি।এটি অবশ্য টেস্ট ক্রিকেটের সবচেয়ে ক্ষণজীবী রেকর্ডগুলোর একটি। মাত্র নয় দিন পরই কলম্বোতে মোহাম্মদ আশরাফুলের সাড়া জাগানো অভিষেক। শুধু টেস্ট অভিষেকেই নয়, টেস্ট ইতিহাসেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে হ্যামিল্টন মাসাকাদজার নাম মুছে দিলেন রেকর্ড বই থেকে। আশরাফুলের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে কখনো? ‘না, কথা হয়নি। তবে আশরাফুল রেকর্ডটা ভেঙে দেওয়ায় একটু মন খারাপ তো হয়েছিলই’—এ কথাটাও বলেছিলেন হাসিমুখেই। মাসাকাদজার বোধ হয় হাসি-রোগ আছে।সেই হাসিটা কাল আরও চওড়া হলো। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন হ্যামিল্টন মাসাকাদজা, সেই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই। অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারই ১০ বছর স্থায়ী হয় না। আর মাসাকাদজার প্রথম আর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির মাঝখানে কেটে গেছে ১০ বছর ৫ দিন। দুই সেঞ্চুরির দিন ধরলে ১০ বছর ৭ দিন। সাত দিনও হয়নি বলেছিলেন, অভিষেকে সেঞ্চুরির সবকিছু মনে আছে। অথচ গত পরশু ৮৮ রানে অপরাজিত মাসাকাদজা সংবাদ সম্মেলনে ওই সেঞ্চুরি নিয়ে বললেন, ‘অনেক দিন আগের কথা। ঠিক মনে নেই।’ কোন কথাটা যে ঠিক, কে জানে!দুই টেস্ট সেঞ্চুরির মাঝে ১০ বছরেরও বেশি ব্যবধান। তার পরও এটি রেকর্ড নয়। তাঁর চেয়েও দীর্ঘ অপেক্ষার গল্প আছে আরও চারজনের। তবে সেটি অনেক অনেক দিন আগের কথা। অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলির টেস্টে ছয়টি সেঞ্চুরি। পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরির মাঝখানে ব্যবধান প্রায় ১৪ বছর। তালিকায় পরের তিনজন মুশতাক আলী, ফ্রাঙ্ক উলি ও বিজয় মার্চেন্টের সঙ্গে মিল আছে মাসাকাদজার। ওই তিনজনেরও দীর্ঘ অপেক্ষাটা ছিল দ্বিতীয় সেঞ্চুরির জন্য।টেস্ট ম্যাচেও যাঁর ব্যাটে ছিল টি-টোয়েন্টির আবাহন, সেই মুশতাক আলীর প্রথম সেঞ্চুরি চতুর্থ টেস্টে, অষ্টম টেস্টে দ্বিতীয়টি। মুশতাকের উদ্বোধনী সঙ্গী এবং সুনীল গাভাস্কারের আগে ভারতীয় ব্যাটিং শুদ্ধতার প্রতীক বিজয় মার্চেন্টের প্রথম দুই সেঞ্চুরি পঞ্চম ও নবম টেস্টে। যাঁর ব্যাটিংয়ে নেভিল কার্ডাস ইংলিশ সামারের প্রতিচ্ছবি দেখতে পেতেন, সেই ফ্রাঙ্ক উলি একাদশতম টেস্টে প্রথম সেঞ্চুরি করে দ্বিতীয়টির দেখা পান ৩৬তম টেস্টে।দুই সেঞ্চুরির মধ্যে সময় ও টেস্টের ব্যবধান আপনাকে ধন্দে ফেলে দেওয়ার কথা। সেটির ব্যাখ্যা—বিশ্বযুদ্ধ! বার্ডসলি ও উলির ক্যারিয়ারে দীর্ঘ বিরতি পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে। মুশতাক-মার্চেন্টকে পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুই সেঞ্চুরির মধ্যে দীর্ঘ ব্যবধানের আসল কারণ এটাই।যুদ্ধ-টুদ্ধ বাদ দিলে মাসাকাদজা আসলে ভাঙলেন ববি সিম্পসনের রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনারের অষ্টম ও নবম টেস্ট সেঞ্চুরির মধ্যে ব্যবধান ছিল ৯ বছর ৩৫১ দিনের। তবে মাঝখানে তো মাত্র দুটি টেস্ট! তা হলে? এখানেও গল্প আছে। ১৯৬৮ সালের জানুয়ারিতে অবসর নিয়ে ফেলেছিলেন সিম্পসন। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার প্রায় সব খেলোয়াড় প্যাকার সিরিজে চলে যাওয়ার পর ৪১ বছর বয়সে আবার ফিরিয়ে আনা হয় তাঁকে। যে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন, তার আগের টেস্টেই সেঞ্চুরি ছিল। ফিরে আসার পরও দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি।রেকর্ড বইয়ের এই অধ্যায়টাতে হ্যামিল্টন মাসাকাদজার অন্তর্ভুক্তিও তো সহজ-সরল পথে নয়। এখানেও ‘বিশ্বযুদ্ধ’ আছে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয়টি করলেন ১৬তম টেস্টে। ১৬ টেস্ট খেলতে ১০ বছর! এর ছয় বছর তো গেল জিম্বাবুয়ে টেস্ট নির্বাসনেই। এর সঙ্গে যোগ হবে মাসাকাদজার প্রায় সোয়া দুই বছরের স্বেচ্ছা নির্বাসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নিয়ে ২০০২ সালের শেষ দিকে পড়াশোনা করতে চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। মার্কেটিংয়ে ডিগ্রি নিয়ে ফিরে আসেন ২০০৫-এর শুরুতে বাংলাদেশ সফরে। আটটি টেস্ট খেলার পরই জিম্বাবুয়ের নির্বাসন।এই টেস্টের আগে মাসাকাদজা বলতেই পারতেন, আমি খুব ফর্মে আছি। টেস্টে আমার সর্বশেষ ইনিংসটি তো ৭১ রানের। বললে ভুল হতো না। তবে ৭১ রানের ইনিংসটি নির্বাসনের আগে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্টে। ২০০৫ সালের সেপ্টেম্বরে!