এক দিনে দুবার আউট জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনেই শেষ হয়ে গেল নেপিয়ার টেস্ট। জিম্বাবুয়েকে এক দিনে দুবার অলআউট করে অবিশ্বাস্যভাবে জিতে গেছে নিউজিল্যান্ড। প্রথম দুই দিন শেষে যেখানে অসমাপ্ত ছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংসই, সেই ম্যাচ কিনা শেষ তিন দিনেই! প্রায় ৭ বছর পর দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর জিম্বাবুয়ে কি আবারও চাইবে নির্বাসনে যেতে? এক ইনিংস ও ৩০১ রানের হারটি দেশের বাইরে জিম্বাবুয়ে টানা তৃতীয় ইনিংস পরাজয়। কাল সকালে উইকেটকিপার বিজে ওয়াটলিং ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি পাওয়ার পরই ৭ উইকেটে ৪৯৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। এরপর জিম্বাবুয়েকে ৫১ ও ১৪৩ রানে অলআউট করে পায় অপ্রত্যাশিত জয়। প্রথম ইনিংসে ১৯ রান তুলতেই জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। ম্যালকম ওয়ালারের (২৩) দৃঢ়তায় ৫০ পেরোলেও টেস্টে নিজেদের সর্বনিম্ন রানেই অলআউট হয়েছে সফরকারীরা। ফলোঅন করতে নেমে ১২ রানেই জিম্বাবুয়ে হারিয়ে ফেলে প্রথম ৫ উইকেট। সেখান থেকে চাকাভাকে সঙ্গী করে দলকে ৩৭ রানে নিয়ে যান ওয়ানডাউন ব্যাটসম্যান মুতিজাওয়া (১৮)। এরপর সপ্তম উইকেটে গ্রায়েম ক্রেমারের (২৬) সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ৬৩ রান করা চাকাভা। নিউজিল্যান্ডের পেসার ক্রিস মার্টিন দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। ম্যাচে ৩১ রানে ৮ উইকেটে নিয়ে ম্যাচসেরা তিনিই। আরেক পেসার ডগ ব্রেসওয়েলও পেয়েছেন ৫ উইকেট।দিনের শুরুতে ১৮.২ ওভারেই ১০৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। নাটক হয়েছে ওয়াটলিংয়ের সেঞ্চুরি পাওয়া নিয়েও। ২ রান নিয়ে সেঞ্চুরি করতে গিয়ে প্রায় রানআউট হয়ে গিয়েছিলেন। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার তাঁকে নটআউট ঘোষণা করার পরই সেঞ্চুরি উদ্যাপন করেন ওয়াটলিং। রয়টার্স।