এক ধাপ এগিয়ে থাকল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্নের বিপক্ষে গোল করার পর রিয়াল-সতীর্থদের উদ্যাপনের মধ্যমণি ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ।  এএফপি
বায়ার্নের বিপক্ষে গোল করার পর রিয়াল-সতীর্থদের উদ্যাপনের মধ্যমণি ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা । এএফপি

বার্সেলোনার কোচ থাকার সময় কখনো বার্নাব্যুতে হারেননি পেপ গার্দিওলা। একইভাবে নিজের বর্ণিল কোচিং ক্যারিয়ারে বায়ার্নের বিপক্ষে অপরাজিত কার্লো আনচেলত্তি। আনচেলত্তির রেকর্ডটা টিকে রইল। কিন্তু গার্দিওলা হারিয়ে ফেলেছেন তাঁর সেই ‘অপরাজিত’ থাকার গৌরব। পরশু প্রথমবারের মতো হারলেন বার্নাব্যুতে।
প্রবল প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে রিয়ালের জয়টা এসেছে ন্যূনতম ব্যবধানে। তবে বায়ার্ন যে মূল্যবান ‘অ্যাওয়ে গোল’ পায়নি, তাতে কার্লো আনচেলত্তির আত্মপ্রসাদ লাভের যথেষ্ট কারণ আছে। ম্যাচশেষে সেটি গোপনও করলেন না, ‘আমি সবকিছু নিয়েই খুশি, কারণ ম্যাচটা অনেক কঠিন ছিল। আমরা মাঝে মাঝে একটু ভুগলেও ভালো খেলেছি।’ কিন্তু একটু অতৃপ্তি রিয়াল কোচের না থেকে পারেই না। প্রথমার্ধ শেষেই তো ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলতে পারত রিয়াল!
রোনালদোর দুর্দান্ত থ্রু থেকে ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে করিম বেনজেমা যখন বায়ার্নের জালে বল জড়িয়ে দিলেন, ম্যাচ মাত্র ১৯ মিনিট গড়িয়েছে। ৮৫ হাজার দর্শকঠাসা বার্নাব্যু গমগম করছে গগনবিদারী স্লোগানে। এর পরপরই আরেকটি দারুণ প্রতি-আক্রমণ থেকে গোল প্রায় করেই ফেলেছিল রিয়াল। বেনজেমার ওই ক্রস থেকে ১০০ বারের মধ্যে ৯৯ বারই হয়তো গোল করে দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বলেই কিনা, এদিন পারলেন না। মাদ্রিদিস্তারা সবিস্ময়ে আবিষ্কার করল, পোস্টের একেবারে সামনে থেকে বল বাইরে মেরেছেন সিআর সেভেন!
রোনালদোর ওই ব্যর্থতায় আড়াল হয়ে গেছে একটু পর অ্যাঞ্জেল ডি মারিয়ার মাধ্যমে এর পুনরাবৃত্তি। গোলরক্ষককে একা পেয়েও রিয়াল উইঙ্গার বাইরে মারলেন। এই দুটি ব্যর্থতা আরও বড় হয়ে উঠতে পারত দ্বিতীয়ার্ধে ক্যাসিয়াস দুর্দান্ত এক সেভ না করলে। বল বেশির ভাগ সময় বায়ার্ন খেলোয়াড়দের পায়ে পায়ে ঘুরলেও ক্যাসিয়াসকে কোনো পরীক্ষাই দিতে হয়নি এর আগে। দিতে হলো খেলা শেষ হওয়ার মিনিট ছয়েক আগে। মারিও গোটশের শটটা যেভাবে ফিরিয়ে দিয়েছেন, তাতে আবারও প্রমাণিত, লিগে খেলার সুযোগ না পেলেও ক্যাসিয়াস এখনো আগের ক্যাসিয়াসই আছেন।
ম্যাচের আগে রোনালদোকে নিয়ে অনিশ্চয়তা ছিল। অথচ প্রথম একাদশে তিনি ঠিকই থাকলেন, নেই কোপা ডেল রে ফাইনালে মহা আলোচিত এক গোলের নায়ক গ্যারেথ বেল। জ্বরে আক্রান্ত বেল অবশ্য শেষ পর্যন্ত নামলেন ৭৪ মিনিটে, রোনালদোরই বদলি হিসেবে। আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন এটিও, ‘অর্ধেক সুস্থ বেল ও রোনালদোকে নিয়ে কাজটা সহজ ছিল না। এটা ভালো ফল। আমরা জানি মিউনিখে আমাদের কষ্ট করতে হবে, আজকের মতোই খেলতে হবে।’
বায়ার্ন নিশ্চয়ই এমন খেলতে চাইবে না ফিরতি ম্যাচে। ৬৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেও আক্রমণে কোনো ধার দেখা গেল না। বরং প্রতি-আক্রমণে ত্রাস ছড়িয়েছে রিয়াল। গার্দিওলা যেটির কারণ হিসেবে বললেন, ‘ফুটবলার হলেও মাদ্রিদের ওরা দুর্দান্ত সব অ্যাথলেটও। মাদ্রিদ একটি পূর্ণাঙ্গ দল। এটা সত্যি যে ওদের মাঠে গোল করতে না পারায় আমাদের কাজটা খুব কঠিন হয়ে গেল।’ সেই কঠিন কাজের প্রেরণাটাও অনুমেয়ও, ‘আমরা নিজেদের মাঠে খেলব, নিজেদের সমর্থকদের পাশে পাব। ফাইনালে যাওয়ার জন্য যা কিছু দরকার সবই করব।’
বায়ার্ন অধিনায়ক ফিলিপ লামও সেই আশাতেই আছেন, ‘নিজেদের মাঠে দুই গোলের ব্যবধানে জেতার ভালো সুযোগ তো আমাদের আছেই। ভালো একটা অনুভূতি নিয়েই আমি মিউনিখে ফিরে যাচ্ছি।’ আগামী মঙ্গলবারের পর সেটি থাকলে হয়! এএফপি, ওয়েবসাইট।

চ্যাম্পিয়নস লিগে যে ১৭ ম্যাচে গোল করেছেন করিম বেনজেমা, তার একটিতেও হারেনি রিয়াল মাদ্রিদ
বার্নাব্যুতে গত ৬টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই হেরেছে বায়ার্ন (ইন্টারের সঙ্গে ২০১০ ফাইনালসহ)
ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ যে ৩টি সেমিফাইনালে বায়ার্ন প্রথম লেগে হেরেছে, ফাইনালে উঠতে পারেনি কোনোটিতেই