এক ধাপ পেরোলেই নাদাল-ফেদেরার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানিক বাদেই শুরু হবে ম্যাচ। রাফায়েল নাদাল তাই ‘ম্যাসেজ টেবিলের’ ওপর শুয়ে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলেন। হঠাৎ করে টের পেলেন, পায়ের নিচে মাটি কাঁপছে ভীষণভাবে। নাদালের ভাষ্যমতে, ‘আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম।’ কী হচ্ছে, সেটা টের পেতে কেটে যায় আধা সেকেন্ড। কাটারই কথা, এর আগে যে কখনো ভূমিকম্পের অভিজ্ঞতাই হয়নি লাল কোর্টের রাজার! তা-ও যেটার উৎপত্তিস্থল কিনা টুর্নামেন্টের ভেন্যু থেকে মোটে ১২ মাইল দূরে!তাঁর জন্য অভূতপূর্ব এই ঘটনার মুখোমুখি হওয়ার পর অবশ্য আর কোর্টেই নামতে হয়নি নাদালকে। ইন্ডিয়ানা ওয়েলস ওপেনের তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনার লিওনার্দো মেয়ার পিঠের চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নাদাল তাই সরাসরিই উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরারও। নিজ নিজ ম্যাচ দুটো জিতে গেলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর! দীর্ঘ সময় ধরে কোর্টে নাদালের অনুপস্থিতির কারণে পরম প্রার্থিত যে দ্বৈরথ থেকে বঞ্চিত হচ্ছেন টেনিসপ্রেমীরা। এখন প্রার্থনা, দুই তারকাই যেন প্রি-কোয়ার্টার ফাইনালে জেতেন!সেখানে নাদালের প্রতিপক্ষ লাটভিয়ার আর্নেস্টস গুলবিস। ফেদেরারের প্রতিপক্ষ স্বদেশি স্তানিলাস ওয়াওরিঙ্কা। তৃতীয় রাউন্ডে ফেদেরারকে অবশ্য জিততে হয়েছে খেলেই। ক্রোয়েশিয়ার ইভান ডডিজকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে ভালোমতোই আছেন সুইস গ্রেট। মাত্র ৬১ মিনিটেই ম্যাচ জিতেছেন ‘ফেড-এক্সপ্রেস’। তবে পিঠে হালকা একটা চোট পেয়েছেন। সেটা নিয়ে অবশ্য খুব একটা উদ্বিগ্ন নন ফেদেরার। এএফপি, ওয়েবসাইট।