এক নম্বর হতে চান রোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ’ নামটা কেমার রোচের মনে অন্য রকম একটা অনুরণন তোলে। টেস্ট অভিষেকের আজন্ম স্বপ্ন পূরণ যে বাংলাদেশের বিপক্ষেই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য টালমাটাল ওই সময়টায় রোচের টেস্ট আবির্ভাব। ওই সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২ টেস্টে ১৩ উইকেট নিয়ে রোচ ঠিকই চিনিয়েছিলেন নিজেকে। বলতে গেলে বাংলাদেশের সিরিজ জয়ের পথে সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এই গতি-তারকাই। আবারও বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে রোচ কি প্রেরণা হিসেবে আশ্রয় নেবেন সেই সুখস্মৃতির?রোচ অবশ্য এর চেয়েও বড় প্রেরণার খনি পেয়ে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুখানুভূতিই তাঁকে জাগিয়ে তুলছে জ্বলে ওঠার প্রতিজ্ঞায়। অনুভূতিটা প্রত্যক্ষ নয়। ওয়েস্ট ইন্ডিজ যখন কলম্বোতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ‘গ্যাংনাম স্টাইল’ নাচে মত্ত, রোচ তখন শুধুই টেলিভিশন দর্শকের ভূমিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না, সেই সময়টায় বারবাডোজে ক্লাব ক্রিকেট খেলে তৈরি রেখেছেন নিজেকে। সাফল্যের ছোঁয়ায় একটু হলেও বদলে যাওয়া সতীর্থরা উজ্জীবিত করছে তাঁকেও, ‘ওই সাফল্যের পর খেলোয়াড়েরা খুব আত্মবিশ্বাসী। এটা খুব অনুপ্রেরণাদায়ী, ওরা যেসব কথাবার্তা বলছে, সেটি আমারও খুব কাজে লাগছে। এই মুহূর্তে ওদের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশি। ওদের সঙ্গ তো সব সময়ই ভালো লাগে, তবে আমরা একটু সাফল্য পেয়েছি বলে এবার আরও বেশি ভালো লাগছে। এখন আমরা উঁচু থেকে আরও উঁচুতে উঠতে চাই।’ দূর থেকে টি-টোয়েন্টি সাফল্য দেখার পর দলের অংশ হওয়ার জন্য যে আরও বেশি উদগ্রীব হয়ে ছিলেন, সেটিও বোঝা যাচ্ছে তাঁর কথায়, ‘আবার ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। আশা করি, আমার ক্লাবের হয়ে খেলার সময় যেসব নিয়ে কাজ করেছি, এই সফরে আমার বোলিংয়ে সেটির প্রতিফলন ঘটবে।’ বাংলাদেশ সফরটার জন্য মুখিয়ে থাকার ব্যক্তিগত একটি কারণও আছে রোচের—এক বছর আগের সফরের দুঃস্মৃতি মুছে দেওয়া। সেবার প্রথম টেস্টে সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে মাত্র ১ উইকেট সেটিকে ‘অন্যায়’ বলেও প্রমাণ করতে পারেনি। এবার গল্পটা অন্যভাবে লেখার প্রতিজ্ঞা আছে, যেটিতে বড় প্রেরণা এ বছর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স। ৭ টেস্টে ২২.২৫ গড়ে ৩৯ উইকেট নিয়ে ২০১২ সালে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সফলতম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার ও পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমলের সঙ্গী রোচ। শুধু ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডই এ বছর এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। তবে বেশি বলতে মাত্র একটিই বেশি, সেটিও আবার রোচের চেয়ে উইকেট-প্রতি ৫ রানেরও বেশি খরচে।সাম্প্রতিক এই সাফল্যে অনুপ্রাণিত রোচ বড় একটা লক্ষ্যও ঠিক করে ফেলেছেন। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিনি ১০ নম্বরে, এই কথাটাই ঘুরিয়ে ‘আইসিসি আমাকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রেখেছে’ বলার পর ঘোষণা করে দিয়েছেন, ‘আমার লক্ষ্য হলো অদূর ভবিষ্যতে বিশ্বের এক নম্বর বোলার হওয়া।’ সেই লক্ষ্য পূরণের পথে যাত্রাটা নিশ্চয়ই বাংলাদেশ সফর থেকেই শুরু করতে চাইবেন কেমার রোচ।