কাল যেন শনির দশা লেগেছিল ফ্রেঞ্চ ওপেনে। না, টুর্নামেন্টের ওপর দিয়ে নয়, ঝড়ঝাপটা যা গেছে সব তারকা খেলোয়াড়দের ওপর দিয়ে। আর এই ঝড়ে পড়ে টুর্নামেন্ট থেকেই ঝরে গেছেন মেয়েদের এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছেলেদের এক নম্বর নোভাক জোকোভিচেরও কানের পাশ দিয়ে গেছে গুলি। ভক্ত গফিঁর কাছে প্রথম সেট হেরে গিয়েছিলেন ফেদেরার। তবে পরের তিন সেট জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী। প্রথম দুই সেট হারার পরও জিতে টানা চতুর্থ গ্র্যান্ড স্লামের পথে আরেক ধাপ এগিয়েছেন জোকোভিচ। এই সার্বিয়ান ইতালির আন্দ্রিয়াস সেপ্পিকে হারিয়েছেন ৪-৬, ৬-৭ (৫/৭), ৬-৩, ৭-৫, ৬-৩ গেমে। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কা হেরেছেন ১৫তম বাছাই স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার কাছে; ৬-২, ৭-৬ (৭/৪) গেমে। এর আগে আজারেঙ্কার বিপক্ষে আট ম্যাচ খেলে মাত্র একবারই জিততে পেরেছিলেন কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া চিবুলকোভা। আর এই হারে সংশয়ে পড়ে গেল আজারেঙ্কার এক নম্বর থাকাটা। ফাইনালে উঠতে পারলেই আবার এক নম্বর হয়ে যাবেন মারিয়া শারাপোভা।গত পরশু হেরেছিলেন সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি ও সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে। কাল দিনের শুরুতেই বিদায় নিয়েছেন ২০০৯-এর চ্যাম্পিয়ন সভেৎলনা কুজনেৎসভা। তাঁকে হারিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠেন ইতালির সারা ইরানি। রয়টার্স, ওয়েবসাইট।