এক নম্বররা ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গ্রীষ্মকে ইংলিশরা নাম দিয়েছিল ‘ফাইনাল ফ্রন্টিয়ার।’ ইংল্যান্ড এক নম্বরে ওঠার পর অনেকেই বলেছিল ‘উপমহাদেশে জিততে পারে না, কিসের আবার এক নম্বর!’ ইংল্যান্ডের কাছে এই গ্রীষ্ম ছিল এটির জবাব দেওয়ার চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে মধ্যপ্রাচ্যে সিরিজ, এরপর শ্রীলঙ্কায় ও ভারতে সিরিজ। ফাইনাল ফ্রন্টিয়ারের প্রথম সিরিজেই এমন ধাক্কা, পরের দুটোয় কী হবে! পাকিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসে এই প্রথম হোয়াইটওয়াশ! সেটিও কখন, যখন তারা কিনা এক নম্বর! এই সিরিজে ধারাভাষ্য দিয়েছেন ডেভিড লয়েড। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ কাল দুবাই টেস্ট শেষ হওয়ার পরপরই টুইট করলেন, ‘সবাই ইংল্যান্ডের স্পিন দুর্বলতা নিয়ে বলছে, এক নম্বরে থেকে হোয়াইটওয়াশ হওয়ার কথা বলছে, কেউ বলছে না পাকিস্তান কেমন দুর্দান্ত খেলেছে!’ মিসবাহ-উল-হকের পাকিস্তান বেশ কিছুদিন ধরেই বিস্ময় উপহার দিয়ে চলেছে। কিন্তু এই সিরিজটা ছাড়িয়ে গেছে সবকিছুকেই। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে হোয়াইটওয়াশ করার চেয়ে অভাবনীয় কিছু আর কী হতে পারে!হোয়াইটওয়াশ সম্পন্ন করা টেস্টটিতেই পাকিস্তানের ফিরে আসার গল্পটা সবচেয়ে বেশি দুুর্দান্ত। টস জিতে ব্যাট করতে নেমে ৯৯ রানে অলআউট, সেই দলটাই কিনা চতুর্থ দিনে এসে ম্যাচ জিতল ৭১ রানে! ম্যাচের প্রথম ইনিংসে এক শর নিচে গুটিয়ে যাওয়ার পর কোনো দল টেস্ট জিতেছিল সর্বশেষ ১৯০৭ সালে। প্রথম ইনিংসে এক শর নিচে গুটিয়ে যাওয়ার পরও ম্যাচ জয়ের মাত্র নবম ঘটনা এটি। কাল শেষ উইকেটটা সাঈদ আজমল পেলেই বোধহয় বেশি মানাত। পুরো সিরিজের মতো কালও আজমলের স্পিন-রহস্যেই হাবুডুবু খেল ইংল্যান্ড। বিশ্বসেরা স্পিনারের অলিখিত লড়াইয়ে জিতে গেছেন তো আগেই, ২৪ উইকেট নিয়ে আজমল সিরিজেরই সেরা। শেষটা আবদুর রেহমানের হাতে হওয়াটাও অবশ্য খুব একটা খারাপ হয়নি। ওয়ানডে খেলার সুযোগ হয় না এখন, টেস্টেও বেশির ভাগ সময় আজমলের আড়ালে থাকতে হয়। এই সিরিজে আলোটা নিজের দিকেও ভালোই নিতে পেরেছেন। আগের টেস্টে অবিশ্বাস্য এক জয়ের নায়ক, এই টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছেন। সিরিজে ১৯ উইকেট, সঙ্গে অনেক দিন পর ক্রিকেট-বিশ্ব দেখল কার্যকর এক স্পিন-জুটি।সিরিজের প্রথম ৫ ইনিংসের চারবারই দুই শর নিচে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসেই যেটি আগে কখনো ঘটেনি। সেই সিরিজে ৩২৪ তাড়া করে জয়টা ছিল অসম্ভবের কাছাকাছি। তার পরও হয়তো একটু সাহস হয়ে ছিল চোখের সামনে দুটি উদাহরণ। ২১তম টেস্টে আজহার আলী ৫৩৩ মিনিট ব্যাট করেছেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে, ইউনুস খান ৩০৩ মিনিট। এমন গোটা দুই ইনিংস প্রয়োজন ছিল ইংল্যান্ডেরও। কিন্তু দুঃস্বপ্নের সিরিজের শেষটাতেও স্মরণীয় কিছু করতে পারেনি ইংলিশরা। সান্ত্বনা এখন একটাই, ধবলধোলাইয়ের পরও র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা আপাতত হারাতে হচ্ছে না। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে দিলে সেটিও হাতছাড়া হয়ে যাবে। ওয়েবসাইট।ত্রিরত্ন!ইংল্যান্ডের তিন মিডল-অর্ডার পিটারসেন, বেল, মরগান মিলে সিরিজের ১৮ ইনিংসে করেছেন ২০০ রান, গড় ১১.১১!