এক নম্বরে চোখ জোকোভিচের
এ বছরের জন্য গ্র্যান্ড স্লামের রোমাঞ্চ শেষ অনেক আগেই। টেনিস-বিশ্বে এখন আগ্রহ একটা প্রশ্ন ঘিরেই—শীর্ষে থেকে বছর শেষ করছেন কে? এ মুহূর্তে মণিহারটা রজার ফেদেরারের, তবে সাংহাই মাস্টার্স জিতে নোভাক জোকোভিচ ব্যবধানটা কমিয়ে নিয়ে এসেছেন ১৭৫ পয়েন্টে। এটাও ঘুচিয়ে দেওয়ার লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন এরপর, ‘এ মুহূর্তে এটাই আমার লক্ষ্য। অবশ্যই এটা (সাংহাই মাস্টার্স শিরোপা) দারুণ একটা প্রেরণা, এক নম্বর হওয়ার দৌড়েও এটা আমাকে অনেক সাহায্য করবে।’ এ বছর চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন ভিন্ন চারজন, সেটা মাথায় রেখেও বলছেন অবিশ্বাস্য একটা বছর কেটেছে বলেই দাবি এই সার্বিয়ানের, ‘২০১১-এর সঙ্গে তুলনা করলে হয়তো খারাপ। কারণ গত বছর যেখানে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছিলাম, সেখানে এই বছর মোটে একটি। তার পরও অবিশ্বাস্য একটা বছর এটা। অন্যদের প্রতি আপনার সম্মান তো দেখাতেই হবে। এই পর্যায়ে এসে সব ম্যাচ জেতার আশা আপনি করতে পারেন না।’ ফাইনালে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় দগ্ধ অ্যান্ডি মারেও জোকোভিচকেই বছর শেষে দেখছেন শীর্ষস্থানে, ‘সে-ই এখন সবার চেয়ে এগিয়ে। মনে হচ্ছে বছর শেষে এক নম্বরে সেই থাকবে, এই নিয়ে টানা দুই বছর হবে সেটা।’ রজার ফেদেরার নিশ্চয়ই সহজে তা হতে দেবেন না। এএফপি।