এক নম্বরে চোখ টেন্ডুলকারের
‘প্রতিশোধ’ নয়, বরং টেস্ট ক্রিকেটের এক নম্বর আসনটাই পাখির চোখ করছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আগামী নভেম্বরেই ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে খেলা। তবে এই সিরিজে এ বছরই ইংল্যান্ডের মাঠে শোচনীয় হারের ‘বদলা’ নেওয়ার ব্যাপারটা মাথা থেকে ঝেড়েই ফেলছেন এই ক্রিকেট-গ্রেট, ‘প্রতিশোধ নিয়ে আমি মোটেই মাথা ঘামাচ্ছি না। ভারতের পক্ষে খেলতে পারাটাই দারুণ এক গর্বের ব্যাপার। প্রতিশোধটা যেকোনো দেশের বিরুদ্ধেই হতে পারে, কিন্তু ভারতের হয়ে খেলতেই আমার অনেক গর্ব হয়। ভালো খেলাটাই আসল, সেটা যে কারও সঙ্গেই হোক না কেন।’ বাজে ফর্মের কারণে টেস্ট ক্রিকেটের এক নম্বর আসনটা বেশ কিছুদিন ধরেই ভারতের হাতছাড়া, এক থেকে তারা নেমে গেছে চারে। শীর্ষস্থান পুনরুদ্ধার করাটাই সবার আগে প্রাধান্য পাচ্ছে শচীনের কাছে, ‘২০০৭ থেকে ২০১১ পর্যন্ত ভালো ক্রিকেট খেলেই আমরা এক নম্বরে উঠেছিলাম। সেখান থেকে আমরা ছিটকে গেছি বটে, তবে মনে রাখতে হবে, রাতারাতি এটা অর্জন করা যায় না। আবারও ওটা ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ।’”ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার দাবি করেছেন, গত মৌসুমে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে হার অতি আত্মবিশ্বাসের ফল নয়, ‘আমি বলব না যে এর পেছনে বিশ্বকাপ জয়ের কোনো ভূমিকা আছে। খেলোয়াড়েরা আত্মতুষ্ট কিংবা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল।’ তবে এমন হার তাঁকে কষ্টই দিয়েছে, ‘হারগুলো মেনে নেওয়া বেশ কষ্টকরই ছিল। প্রতি ম্যাচেই আপনার ওপর জয়ের চাপ থাকে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করে যাওয়াটাই সবচেয়ে বড় কথা।’ তাহলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে এমন ভরাডুবি কেন হলো? শচীন স্বীকার করেছেন তাঁদের পরিকল্পনা ওই সময় কাজে লাগেনি, ‘ভারতীয় ক্রিকেট দলের বার্ষিক একটা পরিকল্পনা থাকে। কিন্তু আমাদের স্বীকার করতেই হবে, ওটা ঠিকঠাক কাজে লাগেনি।’ আইপিএলকে ঘরোয়া ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ বলে মনে করেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের মালিক।