এক নম্বরে ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়া ৩০২ রানের লক্ষ্যে ছুটতে যখন প্রস্তুত হচ্ছিল মহেন্দ্র সিং ধোনির ভারত, তখনই বেরসিকের মতো বাগড়া দিল বৃষ্টি। বৃষ্টিতে ভেসেই গেল তৃতীয় ওয়ানডেটি।
ভারতকে শেষ ম্যাচে উড়িয়ে দেওয়ার ইচ্ছেপূরণ হয়নি, তবে বৃষ্টিতে পরিত্যক্ত এ ম্যাচের সেঞ্চুরিটা একেবারে বৃথা যায়নি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের (৩ ম্যাচে ১৮৯ রান) পুরস্কার হিসেবে ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ডি ভিলিয়ার্স। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাওয়া নবম ক্রিকেটার তিনি, দক্ষিণ আফ্রিকানদের মধ্যে তৃতীয়। তাঁর আগে এই অর্জন ছিল জ্যাক ক্যালিস ও হাশিম আমলার। ডি ভিলিয়ার্স একে ওঠায় দুই নম্বরে নেমে গেছেন এত দিন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিরাট কোহলি।
তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি করে র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৬১ ধাপ পেরিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন আরেক দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক।
গতকাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের শীর্ষস্থানটা ধরে রেখেছেন পাকিস্তানের সাঈদ আজমল। তবে তিন ধাপ পেরিয়ে দুই নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানটা যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসানের। ওয়েবসাইট।