এক নম্বরে সাইপ্রাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু আসলে যে সেখানে বিদেশি ফুটবলারদেরই দাপট, সে তো এখন চোখের সামনে স্পষ্ট। জেরার্ড, ল্যাম্পার্ড আর রুনিদের দেশে দিব্যি রাজত্ব করছেন সুয়ারেজ-আগুয়েরো আর ফন পার্সিরা। ইংলিশ ক্লাবগুলোর এমন বিদেশি-নির্ভরতার কারণে সমালোচনার কমতি নেই খোদ ইংল্যান্ডেই। মজার ব্যাপার হচ্ছে, বিদেশি-নির্ভরতায় ইংল্যান্ডের চেয়েও এগিয়ে ইউরোপের আরেক দেশ সাইপ্রাসের ফুটবল লিগ। তবে প্রিমিয়ার লিগের মতো এমন জনপ্রিয় ও বহুল প্রচারিত নয় বলে বিদেশি ফুটবলারদের দাপটের কথা উঠলে সাইপ্রাসের নাম ততটা শোনা যায় না, যতটা শোনা যায় ইংল্যান্ডের কথা।
সুইজারল্যান্ডের একটি গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইউরোপের সেরা ৩১টি লিগের মধ্যে সাইপ্রাস, ইংল্যান্ড ছাড়াও বিদেশি ফুটবলারের দাপট ইতালি, তুরস্ক, পর্তুগাল ও বেলজিয়ামে। তবে একক ক্লাব হিসেবে সবচেয়ে বেশি-বিদেশি ফুটবলার দিয়ে দল গড়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে ইতালির ইন্টার মিলান। ইন্টার স্কোয়াডের শতকরা ৮৯ ভাগই বিদেশি।
ইন্টারের মতো না হলেও ইউরোপের প্রায় সব বড় ক্লাবেই বিদেশি ফুটবলার বেড়েছে আগের যেকোনো সময়ের চেয়ে। গত অক্টোবরের হিসাব অনুযায়ী, ইউরোপের বড় ক্লাবগুলোয় গড়ে বিদেশি ফুটবলারদের হার শতকরা ৩৬.৮ ভাগ। ঘরোয়া ফুটবলারদের হার নেমে দাঁড়িয়েছে শতকরা ২১.২ ভাগে। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে নিজেদের একাডেমির সবচেয়ে বেশি ফুটবলার আর্সেনালে (৩২.৩ ভাগ)। তবে এ ক্ষেত্রে ইউরোপে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। এই দলের শতকরা ৬৪ ভাগ ফুটবলারই নিজস্ব একাডেমির ফসল। ওয়েবসাইট।