এক নম্বরেই থাকছেন ক্যারোলিন ওজনিয়াকি
মাত্র কয়েক দিন আগেই সেরেনা উইলিয়ামসকে টপকে মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। সুযোগ পেয়েছিলেন এক নম্বর তারকা হিসেবে বছর শেষ করার দুর্লভ কীর্তি গড়ার। কিন্তু ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার স্যাম স্টোসুরের কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরে যাওয়ার পর ওজনিয়াকি এক নম্বর হিসেবে বছর শেষ করতে পারবেন কি না—তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু গতকাল ইতালির ফ্রাঞ্চেস্কা শিয়াভোনকে ৩-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়ে শীর্ষস্থানটি নিশ্চিত করেছেন ডেনমার্কের ২০ বছর বয়সী এ তারকা।২০০০ সালে মার্টিনা হিঙ্গিসের পর ওজনিয়াকিই সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে শীর্ষস্থানে থেকে বছর শেষ করলেন। ১৯৭৫ সালে ডব্লিউটিএ র্যাঙ্কিং চালু হওয়ার পর সব মিলিয়ে ওজনিয়াকির আগে এ কীর্তি গড়েছেন মাত্র নয়জন। শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পর উল্লসিত ওজনিয়াকি বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এ স্বপ্ন দেখতাম। এ বছরে আমি যা অর্জন করলাম, তার জন্য আমি সত্যিই আনন্দিত আর গর্বিত।’এ বছরে ইতিমধ্যেই ছয়টি শিরোপা জিতেছেন ওজনিয়াকি। আরেকটি শিরোপা জয়ের পথেও এগিয়ে গেছেন অনেকখানি। শিয়াভোনকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি পৌঁছে গেছেন ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।—বিবিসি অনলাইন