এক নম্বরেই থাকল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর গনগনে সূর্য, তাপমাত্রা ৪২ ডিগ্রি। কেভিন পিটারসেনের কণ্ঠে কোনো রাখঢাক নেই, ‘এই গরমে টেস্ট খেলা স্রেফ কৌতুক।’ কলম্বোর আগুনগরম আবহাওয়াই হয়তো বের করে আনল পিটারসেনের ভেতরের আগুন। সেই আগুনে ছারখার হলো শ্রীলঙ্কাই। প্রথম ইনিংসে যদি ব্যাট করে থাকেন ওয়ানডে মেজাজে, দ্বিতীয় ইনিংসে পিটারসেন ছিলেন টি-টোয়েন্টি মেজাজে। ৮ উইকেটের দারুণ এক জয়ে সিরিজ ড্র করল ইংল্যান্ড। অন্তত আরও কিছুদিনের জন্য নিশ্চিত করল টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই রেটিং পয়েন্ট এখন ১১৬, ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।লক্ষ্য মাত্রই ৯৪। কিন্তু ইংল্যান্ডের শুরুটা মনে করিয়ে দিয়েছিল দুই মাস আগের আবুধাবি। পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রান তাড়ায় আজমল-রেহমানের স্পিনে ৭২ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। কাল দিলশানের করা ইনিংসের প্রথম ওভারেই বোল্ড অ্যান্ড্রু স্ট্রাউস, খানিক পর ফিরে গেলেন বড় ভরসা ট্রটও। আবুধাবির স্মৃতি নিশ্চয়ই উঁকি দিয়েছিল ইংলিশদের মনে। পিটারসেন নেমে এক লহমায় উড়িয়ে দিলেন সব শঙ্কা! মন্থর উইকেটে আবারও ছোটালেন স্ট্রোকের ফোয়ারা। ইংল্যান্ড জিতে গেল মাত্র ১৯.৪ ওভারেই। প্রায় অসাধ্য সাধনও করে ফেলল। গত ১১ বছরে উপমহাদেশের দলগুলোর বাইরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জিততে পেরেছে আর কেবল অস্ট্রেলিয়াই।দুই ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা পিটারসেন। কিন্তু জোর লড়াই করতে হয়েছে গ্রায়েম সোয়ানের সঙ্গে। আগের দিন শেষ বিকেলে জয়ের পথটা খুলে দিয়েছিলেন তিনিই। কাল সকালে সেই পথ ধরে দলকে এগিয়ে নেওয়ার কাজটাও করেছেন। তাঁর বলে দুবার পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ক্যাচ। তবুও হতোদ্যম না হয়ে ফিরিয়েছেন দুই জয়াবর্ধনেকে। ইংল্যান্ডের জয়ে সবচেয়ে বড় বাধা হয়ে থাকা মাহেলা শর্ট লেগে ক্যাচ দারুণ টার্ন ও বাউন্সে, সুইপ করতে গিয়ে বোল্ড প্রসন্ন। আগের দিনের সঙ্গে মাত্র ৯ যোগ করতে পেরেছেন মাহেলা, যা একটু লড়লেন কেবল ম্যাথুস। শ্রীলঙ্কা কাল টিকতে পেরেছে ২৭.৫ ওভার। এক নম্বরে ওঠার পর ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও অধিনায়ক স্ট্রাউস বলেছিলেন, লক্ষ্য এবার ‘উপমহাদেশ জুজু’ দূর করা। টানা চার টেস্ট হেরে মনে হচ্ছিল সেই জুজু আরও ভালো করে চেপে বসেছে। আপাতত এক নম্বর ধরে রাখা ও বছর শেষে ভারত-পরীক্ষার জন্য কিছু আত্মবিশ্বাসের রসদ জোগাড়—ইংলিশদের সান্ত্বনা এটাই। ওয়েবসাইট।