এক নম্বরেই থাকল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গেলেই টি-টোয়েন্টির এক নম্বর স্থানটা পাকিস্তানকে ছেড়ে দিতে হবে—হিসাবটা জেনেই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা।
কুশল পেরেরা আর তিলকরত্নে দিলশানের ব্যাটে তাই শুরু থেকে ঝড় উঠল। সে ঝড়ে দিশেহারা হয়ে গেলেন পাকিস্তানি বোলাররা। পেরেরার দুর্দান্ত হাফ সেঞ্চুরির (৫৯ বলে ৮৪) পাশাপাশি পাকিস্তানি বোলারদের ওপর স্টিমরোলার চালিয়েছেন দিলশান (৩৩ বলে ৪৮) ও সাঙ্গাকারা (২১ বলে অপরাজিত ৪৪)। টসের পর চান্ডিমাল জানিয়েছিলেন, ১৬০ রানের মতো হলেই সন্তুষ্ট থাকবেন তিনি। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা অধিনায়ককে দিলেন ৩ উইকেটে ২১১ রান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে যেকোনো দেশের সর্বোচ্চ সংগ্রহ। পাহাড়সমান এ সংগ্রহ টপকে যেতে হলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। হাফিজের দল সেটা পারেনি, চার বল বাকি থাকতেই অলআউট ১৮৭ রানে। ২৪ রানে জিতে শুধু সিরিজেই সমতা ফেরায়নি শ্রীলঙ্কা, ধরে রেখেছে টি-টোয়েন্টিতে নিজেদের শীর্ষস্থানটাও।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের এই রুদ্ররূপের সামনে কিছুটা সমীহ পেয়েছেন কেবল সাঈদ আজমল। ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। তবে এক নম্বরে ওঠার স্বপ্ন সত্যি না হলেও দুই ম্যাচের সিরিজ থেকে প্রাপ্তির খাতাটা শূন্য মনে করছেন না পাকিস্তান অধিনায়ক হাফিজ। আর বুধবার থেকে শুরু ওয়ানডে সিরিজের আগে এই জয়কে ‘টনিক’ হিসেবে দেখছেন শ্রীলঙ্কান অধিনায়ক চান্ডিমাল। ওয়েবসাইট।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১১/৩ (পেরেরা ৮৪, দিলশান ৪৮, সাঙ্গাকারা ৪৪*; আজমল ২/২৫।
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৮৭ (শারজিল ৫০, তানভীর ৪১, আফ্রিদি ২৮; সেনানায়েকে ৩/২৭, কুলাসেকারা ২/২৩, পেরেরা ২/৩৬, প্রসন্ন ২/৪৫)।
ফল: শ্রীলঙ্কা ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা।
ম্যান অব দ্য সিরিজ: শহীদ আফ্রিদি।