এক নম্বরের স্বপ্নদ্রষ্টা কুম্বলে!
স্বপ্নটা সবারই ছিল। কারও কারও মনে সুপ্ত। কেউ আবার জানতেন না স্বপ্নপূরণের পথ। সেই সুপ্ত স্বপ্নগুলোকে জাগিয়ে দিয়েছিলেন একজন। বাতলে দেন স্বপ্ন পূরণের পথ। সেই পথেই ভারত আজ টেস্ট ক্রিকেটে এক নম্বর! ঘটনা বছর তিনেক আগের। ওই ‘একজনের’ নাম অনিল কুম্বলে। ২০০৮ সালের শ্রীলঙ্কা সফরে সেই সময়ের টেস্ট অধিনায়কই হয়ে গিয়েছিলেন স্বপ্নদ্রষ্টা। আড়ালে থাকা ঘটনাটি এত দিন পর আলোয় এনেছেন হরভজন সিং। সদ্য টেস্টে ৪০০ উইকেট ছোঁয়া স্পিনার পেছন ফিরে তাকিয়েছেন ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে। উঠে এসেছে কুম্বলের উজ্জীবনী বক্তৃতার সেই স্মৃতিও।ওই সফরে প্রথম টেস্টে পরাজিত ভারত দ্বিতীয় টেস্ট জেতে ১৭০ রানে। আদ্যন্ত ব্যাট করে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দর শেবাগ, ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন হরভজন সিং। ম্যাচ শেষে সবাইকে নিয়ে এক সভায় বসেছিলেন কুম্বলে। ‘তাঁর একটি পরিকল্পনা ছিল, চাইছিল আমাদের সবার সঙ্গে সেটা ভাগাভাগি করতে। এটা ছিল আসলে বিশ্বের সেরা দল হওয়ার একটা রোডম্যাপ, শীর্ষে ওঠার জন্য আমাদের সময় ছিল দুই বছর’—বলেছেন হরভজন।‘রোডম্যাপটা’ বিস্তারিত জানাননি তিনি। তবে খুব বেশি দূরে দৃষ্টি না দিয়ে স্রেফ পরবর্তী সিরিজ নিয়ে ভাবা, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে খুব ভালো ধারণা নেওয়া এবং চাপটা সবাই মিলে ভাগাভাগি করা—মোটামুটি এমনই কিছুই ছিল পরিকল্পনায়। ওই সিরিজের পর আর একটা সিরিজই খেলেই ক্রিকেটকে বিদায় জানান কুম্বলে। কিন্তু দুই বছরও লাগেনি ভারতের। দেড় বছরের মধ্যেই, ২০০৯ সালের ডিসেম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় ভারত। ‘ভাজ্জি’ জানালেন, কুম্বলের কথাগুলো সবাই হূদয়ে ধারণ করেছিল। সেটা অবশ্য না বললেও চলত, ভারতীয়রা তো প্রমাণ দিয়েছে পারফরম্যান্সেই! ওয়েবসাইট।