এক পা দূরে স্বপ্নের সোনা
সব স্বেচ্ছাসেবীর ট্রাউজারে লেখা ৩৬১। ৩৬০ হচ্ছে এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নম্বর। ‘আমরা এক ধাপ এগিয়ে’—এই স্লোগান সামনে রেখে এর সঙ্গে ১ যোগ করা হয়েছে।গুয়াংজু এশিয়ান গেমসে শেষ পর্যন্ত সোনা জিতলে বাংলাদেশ দলও ‘আমরা এক ধাপ এগিয়ে’ বলা শুরু করতে পারে। মোহাম্মদ আশরাফুলরা সেই সুযোগ করে দেওয়ার পথে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজই বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ফাইনাল শুরু। সোনার লড়াইয়ে প্রতিপক্ষ আফগানিস্তান।পাকিস্তানকে কালই ২২ রানে হারিয়ে ফাইনালে আসা আফগানিস্তান সামর্থ্যের প্রমাণ দিয়েই এসেছে। তবে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষে দেখা দেওয়া বাংলাদেশ কিন্তু সত্যিকারের ‘বাঘের’ মতো ছিল মাঠে। আফগানিস্তানের পক্ষে এই বাংলাদেশকে রোখা কঠিন। এ কারণেই গুয়াংজু স্টেডিয়ামে কালকের পড়ন্ত বিকেলে বাংলাদেশ শিবির যেন ইতিহাস গড়ার পদধ্বনি শুনল। মেয়েদের ক্রিকেটে সোনা না এলেও ছেলেদের ক্রিকেটে সোনা আসছে ধরে নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশের বিশাল বহর।খেলা শেষে আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মাঠ থেকে বেরিয়ে আসার সময় সবার মুখেই উজ্জ্বল হাসি। এই হাসিটা এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার জন্য না যতটা, তার চেয়ে শ্রীলঙ্কাকে ব্যাট-বলে বিধ্বস্ত করার পরিতৃপ্তি। বাংলাদেশ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে জিহান মুবারক, নুয়ান জয়সারা স্বদেশি টিভি সাক্ষাৎকারে বলছিলেন, ‘বাংলাদেশ আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। এই জয় বাংলাদেশের প্রাপ্য।’মন্থর উইকেট বলে আগে ব্যাট করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টসে হেরে ফিল্ডিংয়ে নামার পর ৫ ওভার পর্যন্ত ওই চাওয়াটা মনের মধ্যে কাঁটা বিধিয়েছে। ২ উইকেটে ৩৮ পর্যন্ত যেভাবে গেল শ্রীলঙ্কা, তাতে কোথায় তারা থামবে এমন শঙ্কা কাজ করছিল। কিন্তু ওই ৩৮ রানেই কুলাতুঙ্গাকে এলবিডব্লু করে দেন শাহাদাত। তারপর তারা যেন ঝরাপাতা। আর একটি বারের জন্যও মনে হয়নি বাংলাদেশ এই ম্যাচে হারবে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলঙ্কার ৭৮ রানের মাথায় দিলহারা ও বীরাকুনের জোড়া উইকেট তুলে নেন সোহরাওয়ার্দী। কাঁটায় কাঁটায় ২০ ওভারে তারা অলআউট ১০১ রানে।বাংলাদেশের স্পিন-বৈচিত্র্যই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তিন অফ স্পিনার—নাঈম ইসলাম, মোহাম্মদ নাসির ও মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের অফ স্পিনার পরিচয়ে একটু অবাক হতে পারেন। কিন্তু ঘটনা হলো, বেশ কিছুদিন ধরেই লেগ স্পিনার থেকে তিনি অফ স্পিনারে রূপান্তরিত। বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী ও ফয়সাল হোসেন। এঁদের ঘূর্ণির সঙ্গে শাহাদাত ও নাজমুলের পেস বোলিং। টি-টোয়েন্টির আমেজ হারিয়ে দর্শকেরা দেখেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের উইকেটে আসা-যাওয়ার মিছিল।৪ ওভারে এক মেডেন ৬ রানে ৪ উইকেট সোহরাওয়ার্দীর! ৩.৫ ওভারে ২৯ রানে ৩ উইকেট শাহাদাতের। নাজমুল ২ ওভারে ১১ রানে ১ উইকেট। নাঈম ইসলাম ২ ওভারে ৪ রানে ১ উইকেট। বাংলাদেশের বোলিং দাপট বোঝাতে আর কোনো তথ্যের দরকার নেই। উইকেটে একটু ঘাস ছিল। তাই পেসাররাও সুবিধা পেয়েছেন।বোলিং অলরাউন্ডার নুয়ান জয়সা উদ্বোধন করতে নেমে ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারলেন কাভার দিয়ে। গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান তোলা শ খানেক বাংলাদেশি চুপসে গেল শুরুতেই। শ্রীলঙ্কানদের তখন কী উল্লাস!তৃতীয় ওভারে মিড উইকেটে সেই জয়সার দুর্দান্ত ক্যাচ নিলেন নাঈম, শূন্যে লাফিয়ে এক হাতে। এরপর দুটি ক্যাচ পড়লেও চারটি ক্যাচ ধরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এমন দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের কল্যাণে শ্রীলঙ্কাকে ২০ ওভারে অলআউট করা গেল মাত্র ১০১ রানে। তাদের মাত্র চারজন ব্যাটসম্যানের নামের পাশে দুই অঙ্ক। ইনিংসে ৭টি চার, ৫টি ছয়। উদ্বোধনী ব্যাটসম্যান কুলাতুঙ্গা মেরেছেন সর্বোচ্চ ৪টি চার।দ্বিতীয় ইনিংস শুরুর আগে মাইকে বাজছিল ‘উই ক্যান মেক ইট বেটার’ বাংলাদেশের জন্য এটি যেন ছিল উদ্দীপনামূলক গান। নাজিমউদ্দিন-আশরাফুল-ফয়সালরা এটি মনে রেখেই ব্যাট করেছেন। ২৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছানোর দুই রান আগে দুটি উইকেটে না হারালে জয়ের ব্যবধানটা বড়ই হয়। দলীয় ৮ রানে মিঠুন (১ রান), ২৬ রানে নাজিমউদ্দিন (১৬) আউট হওয়ার পর আশরাফুল করে যান ১৮। ৩ উইকেটে ৫৮ থেকে বাংলাদেশকে ১০০ রানে পৌঁছে দেন তিন নম্বরে নামা নাঈম ইসলাম (৩৪ বলে ২৫) ও ফয়সাল হোসেন (২৪ বলে ৩৩)।পরিস্থিতির দাবি অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গনের জন্য আজকের দিনটি হয়ে যাবে স্মরণীয়। এশিয়াডে যে সোনার পদক ছিল সোনার হরিণ, কিংবা স্বপ্ন, সেটিই এসে যাবে হাতে। আর এই সোনা বাংলাদেশকে পদক-তালিকায় তুলে দেবে ১৫-১৬ নম্বরে।