এক পেনাল্টি কর্নারেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ম্যাচে মোহামেডান পেনাল্টি কর্নার পেল মাত্র একটি। সেটিতেই বাজিমাত!১-১ স্কোরলাইন রেখে ম্যাচটি যখন শেষের পথে, ৬৫ মিনিটে পেনাল্টি কর্নার সৌভাগ্যের বারতা নিয়ে এল সাদা-কালোর জন্য। এতক্ষণ ঊষার কাছে অনেকটা কোণঠাসা মোহামেডান নড়েচড়ে বসল। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মানুনুর রহমান চয়ন দারুণ স্কুপে বল পাঠালেন পোস্টে। ২-১ গোলে ম্যাচটা নাটকীয়ভাবে জিতে গেল মোহামেডান!এ যেন ‘খেলল উষা, জিতল মোহামেডান’ চিত্রনাট্য। গোটা ম্যাচটাই ছিল আকর্ষণীয়। হকিতে চ্যাম্পিয়ন লড়াইয়ে দল তিনটি—ঊষা, আবাহনী ও মোহামেডান। আবাহনীকে প্রথম দিনই ৪-১ গোলে হারিয়েছে বিশ্বের অন্যতম সেরা কোচ তাহির জামানের ছোঁয়ায় উজ্জীবিত ঊষা। কালও সেই ধারাবাহিকতা ধরে রাখল। জিতলে এবারের প্রিমিয়ার হকি লিগে অনেকটাই এগিয়ে যেত পুরান ঢাকার দলটি।জয়টা ঊষার প্রাপ্যই ছিল। কিন্তু চারটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। এ ক্ষেত্রে বাধা হয়ে ছিলেন মোহামেডানের গোলরক্ষক শাকিল। পুরো ম্যাচেই তিনি অসাধারণ খেলেছেন। চয়ন শেষ সময়ে গোল করে জেতালেন দলকে, তবে বিশ্বস্ত শাকিল না থাকলে হয়তো তিন-চার গোলেই হারতে পারত মোহামেডান।আর সেটি মোহামেডানের জন্য হতো লজ্জার। এমনিতেই স্থানীয় খেলোয়াড় নিয়ে মৌসুমের সেরা দল গড়েছে তারা। এনেছে জার্মান কোচ পিটার গেরহার্ডকে। এই দলই ক্লাব কাপের সেমিফাইনালে আবাহনীর কাছে টাইব্রেকারে হেরেছে। কাল হারলে তো মোহামেডানের মুখ লুকানোর জায়গাই থাকত না!জয়টা মোহামেডানকে দিল তাই স্বস্তির বাতাস। ম্যাচের পর মওলানা ভাসানী স্টেডিয়ামে তাদের আনন্দ-উল্লাস দেখে মনে হচ্ছিল, তারা বুঝি কোনো টুর্নামেন্ট জিতে উঠল!সেই পথে মোহামেডান পা ফেলে ২৩ মিনিটে গোল করে। চয়নের লং পাস থেকে পাকিস্তানি ফরোয়ার্ড ইশতিয়াক আহমেদের দারুণ রিভার্স হিটে লক্ষ্যভেদ। কিন্তু ৩৪ মিনিটে ঊষা ম্যাচে ফেরে দুই পাকিস্তানির যুগলবন্দীতে। সারোয়ারের পাস থেকে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ইমরানের দারুণ হিটে ১-১।দুই ভারতীয় আম্পায়ার অহেতুক বাঁশি বাজিয়ে ম্যাচের গতি থামাননি। বিতর্কহীনভাবেই তাঁরা ম্যাচটি ভালোভাবে শেষ করেছেন। বিদেশি আম্পায়ার আসায় ভালোই হয়েছে।ম্যাচ জিতে ব্যক্তিগত একটা জয় পেয়েছেন মোহামেডানের কোচ পিটার গেরহার্ড। তাঁর চাকরিটা আপাতত বাঁচল বোধ হয়! ঊষার কোচ তাহির জামানের সেই শঙ্কা নেই। তিনি তাকাচ্ছেন সামনে, ‘আমরা ভালো খেলেছি বটে, তবে খেলায় ছন্দপতন হয়েছে বারবার। যা-ই হোক, সামনে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।’আবাহনীর বড় জয়: আবাহনী কাল ১২-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। পাকিস্তানি খেলোয়াড় কাশিম আলী চার গোল করেছেন। দুটি করে গোল করেছেন নিলয়, প্রিন্স ও পাকিস্তানি স্ট্রাইকার সাব্বির।