এক পেসার, সাত স্পিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা যাঁদের জানা ছিল না, একাদশ দেখে নিশ্চয়ই তাঁরা চমকে উঠেছেন। একাদশেও চোখ বোলানোর সুযোগ হয়নি যাঁদের, ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৪তম ওভারের সূচনায় তাঁরা হয়তো ভূত দেখার মতো চমকে উঠেছেন। ইলিয়াস সানির হাতে বল। কিন্তু সানি তো স্কোয়াডেই ছিলেন না!ম্যাচের আগের দিন বাংলাদেশের স্কোয়াড ১৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫। উইকেটের চরিত্র আর ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা বুঝে জরুরি বার্তা পাঠিয়ে ডেকে আনা হয়েছে সানিকে। আর জরুরি তলব পাঠিয়ে আনা ক্রিকেটারকে না খেলানোর মানে হয় না। স্কোয়াডের বাইরে থেকে সানি তাই সরাসরি একাদশে। এতে বাংলাদেশ বোলিং আক্রমণের চেহারাটা দাঁড়াল এমন—এক পেসার ও বিশেষজ্ঞ-খণ্ডকালীন মিলিয়ে সাত স্পিনার! অদ্ভুত, কিন্তু কার্যকর! অন্তত বাংলাদেশের জন্য। এক পেসার নিয়ে কালকের আগে তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় তিন ম্যাচেই। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ ছাড়া আর শুধু পাকিস্তানেরই একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামার ঘটনা আছে। সেটিও দুবার। এ বছরই ইংল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শারজায়। দুবারই একমাত্র পেসার ছিলেন জুনাইদ খান, দুবারই হেরেছে পাকিস্তান।কাল ছিলেন মাশরাফি, বাংলাদেশের হয়ে আগের তিনবারই একমাত্র পেসার ছিলেন নাজমুল হোসেন। ওই তিনটি ম্যাচই দেশের মাটিতে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তিন ম্যাচেই জিম্বাবুয়ে আগে ব্যাট করে তুলতে পেরেছিল ১৯৬, ৪৪ ও ২২১। হেরেছিল ৪ উইকেট, ৬ উইকেট ও ১ উইকেটে। ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, ‘অদ্ভুত’ বোলিং আক্রমণ কিন্তু কালও দারুণ সফল। ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে ফেলল মাত্র ২১১ রানে! হ্যাঁ, ১০২ রানে ৬ উইকেট পড়ার পর ২১১ রানটা হয়তো অনেক বেশি-ই। কিন্তু ম্যাচের আগে যদি বলা হতো আগে ব্যাট করে ২১১ রান করবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ মেনে নিত খুশি মনেই!এই বোলিং আক্রমণের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল টস জয়। হ্যাটট্রিক হারের পর অবশেষে মুদ্রা নিক্ষেপণে হাসতে পারলেন মুশফিকুর রহিম। ক্রিস গেইলের যম হয়ে ওঠা সোহাগ গাজীকে দিয়ে যথারীতি শুরু। প্রথম বলটাই শুধু সোজা গেছে। দ্বিতীয় বল থেকেই টার্ন শুরু। এরপর সময় যত গড়িয়েছে, সানিকে ‘এসওএস’ পাঠানো ও সরাসরি একাদশে নামিয়ে দেওয়ার যৌক্তিকতা প্রমাণ হয়েছে ততই। টার্ন ও বাউন্স মিলিয়ে স্পিনারদের জন্য একেবারে স্বপ্নের উইকেট! অনুকূল কন্ডিশনে অতি উত্তেজনায় খেই হারিয়ে ফেলার ইতিহাস অনেক আছে। কিন্তু বাংলাদেশের স্পিনাররা উইকেটকে কাজে লাগিয়েছেন দারুণভাবে। টানা তৃতীয়বার গেইলকে আউট করে ব্রেক থ্রু দিয়েছেন ‘সবেধন নীলমণি’ পেসার মাশরাফি। বাকি সব উইকেট স্পিনারদের।স্পিনারদের নিজেদের লড়াইয়ে আবার সফলতম এমন একজন, যাঁর মূল কাজ ব্যাটিং। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে সেটা ছিল জোড়াতালির ওয়েস্ট ইন্ডিজ দল। কাল ভোগালেন পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজকে। ডেভন টমাসকে এমন বিশাল এক টার্নে বোল্ড করলেন, যা মুত্তিয়া মুরালিধরনের কাছেও তৃপ্তিদায়ক। কাইরন পোলার্ড আবার বোকা হয়েছেন স্পিনের জন্য খেলে, সোজা বলে কট বিহাইন্ড! আর পেরমল সীমানায় ধরা পড়েছেন শেষ দিকে রান বাড়ানোর চেষ্টায়। এক বছর পর ওয়ানডে খেলতে নামা ইলিয়াস সানি করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং (২/২১)। গেইল ফিরে যাওয়ার পর আগের ম্যাচের মতোই জুটি বাঁধার চেষ্টা করছিলেন পাওয়েল ও স্যামুয়েলস। দু-দুবার জীবন পেয়ে আবারও ভয়ংকর হয়ে উঠছিলেন স্যামুয়েলস। সানি ফিরিয়েছেন দুজনকেই। রাজ্জাক ও সোহাগ যথারীতি ছিলেন দুর্দান্ত।শেষ দিকে ড্যারেন স্যামির সামনেই শুধু কিছুটা খেই হারালেন স্পিনাররা। ততক্ষণে অবশ্য শিশির পড়া শুরু হওয়ায় গ্রিপ করতে কিছুটা সমস্যা হচ্ছিল, বল স্কিড করছিল, টার্ন প্রায় হারিয়ে গিয়েছিল। স্যামিকেও কৃতিত্ব দিতে হবে। ঠান্ডা মাথায় ইনিংসটা গড়েছেন, শেষ দিকে আক্রমণ করে তুলে নিয়েছেন ওয়ানডেতে চতুর্থ ফিফটি। বাঁচা-মরার ম্যাচে অধিনায়ক প্রায় এক হাতেই খাদের কিনারা থেকে দলকে নিয়ে গেছেন দুই শর ওপারে।পরে বল হাতে প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে স্যামি কাঁপিয়ে দিলেন বাংলাদেশকে। বাংলাদেশের বোলিং-নায়ক এবার প্রতিরোধ গড়লেন ব্যাট হাতে। ফলাফল যা-ই হোক, ম্যাচটা শেষ পর্যন্ত ব্যাটে-বলে দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের গল্প—স্যামি ও মাহমুদউল্লাহ। পার্থক্য বলতে, ম্যাচ শেষে হাসিটা শুধুই একজনের মুখেই!