এক প্রান্তিক কোচের পাশে কোকাকোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার ছিলেন। কিন্তু চোট বেশি দূর এগোতে দেয়নি। অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেও চোটের কারণে বাদ পড়েন। সেই থেকে শুরু লড়াইয়ের। জাতীয় দলে খেলার যে স্বপ্নটা নিজে পূরণ করতে পারেননি, সেটা করে দেখিয়েছেন তাঁর ছাত্রী সুইনু, মাইনু, মাথুই প্রুরা। জাতীয় মহিলা ফুটবল দলের নয় খেলোয়াড়ই সুয়েলহা মংয়ের হাতে গড়া।
অভাব-অনটন নিত্যসঙ্গী। কিন্তু ফুটবলের নেশাটা ছাড়তে পারেননি মং। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করেই খেলার টানে রাঙামাটি থেকে চলে আসেন ঢাকায়। পরীক্ষা দিতে পারেননি। কয়েক বছর প্রথম বিভাগে খেললেও চোটের কারণে খেলা ছেড়ে বেছে নেন কোচিং। কিন্তু ছেলেমেয়েদের কোচিং করানো বা ফুটবল সরঞ্জাম কেনার মতো টাকাপয়সা ছিল না। একসময় স্ত্রীর গয়না বিক্রি করে প্রয়োজনীয় টাকা জোগাড় করেন।
এই মং এত দিনে একটা আশ্রয় পেলেন। কোমল পানীয়জাত প্রতিষ্ঠান কোকাকোলা মংকে দিচ্ছে প্রায় পাঁচ লাখ টাকার ফুটবল সরঞ্জাম। কাল রাজধানীর একটি হোটেলে কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব মংয়ের হাতে তুলে দেন ফুটবল, জার্সি, কেডস গিয়ার্সসহ অন্য সরঞ্জাম। আগামী এক বছর তাঁকে এই সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
প্রাতিষ্ঠানিক সনদহীন এই ফুটবল কোচই বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ২০১১ সালে চ্যাম্পিয়ন করেন রাঙামাটি মঘাছড়ি প্রাইমারি স্কুলকে। সর্বশেষ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহের কলসিন্দুর স্কুলেও আছে তাঁর ছয় ফুটবলার। এখন বাংলাদেশ আনসারের মহিলা ফুটবল দলের কোচ, পাশাপাশি ময়মনসিংহের স্কুলে গিয়েও অনুশীলন করান মেয়েদের।
গত ডিসেম্বরে কোকাকোলা বাংলাদেশে এনেছিল বিশ্বকাপের আসল ট্রফি। তখনই কোকাকোলা মংয়ের কোচিংয়ের একটি প্রামাণ্যচিত্র তৈরি করে। মংয়ের সুবিধাবঞ্চিত ফুটবলারদের এসব সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্তও হয় একই সময়। দেবাশিস দেব বললেন, ‘শুধু মং নন, দেশের বিভিন্ন এলাকায় এমন খেলাপাগল কোচদের খুঁজে এনে ভবিষ্যতে আমরা সহযোগিতা করব। বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নতির জন্য এটা একটা বড় পদক্ষেপ।’