না আয়ারল্যান্ড, না ওয়েস্ট ইন্ডিজ —কেউই তাদের প্রথম ম্যাচটি জিততে পারেনি। সুপার এইটে যাওয়ার জন্য কলম্বোর প্রেমাদাসায় কাল তাই আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টি হতে দেয়নি ম্যাচ। বাতিল হওয়া এই ম্যাচের এক পয়েন্ট নিয়েই গ্রুপ ‘বি’র রানার্সআপ হয়ে সুপার এইটে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পয়েন্টও এক, তবে তাদের ছাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ পরের রাউন্ডে উঠেছে শ্রেয়তর রান রেটের কারণে (ওয়েস্ট ইন্ডিজ -১.৮৫৫, আয়ারল্যান্ড -২.০৯২)।ম্যাচ বাতিল হওয়ার আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৬ উইকেটে করেছিল ১২৯। ৫ ওভারে স্কোর বোর্ডে আয়ারল্যান্ড যখন ৩৩/১, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরে ১ ওভার কমিয়ে ম্যাচ করা হয় ১৯ ওভারের।টস হারা আয়ারল্যান্ডের রানের খাতায় কোনো জমা না পড়তেই ফিরে যান পোর্টারফিল্ড। ফিদেল এডওয়ার্ডসের ফুল লেংথ বল খানিকটা ভেতরে ঢুকে ব্যাট-প্যাডের ফাঁক গলে এলোমেলো করে দেয় স্টাম্প। আবারও ম্যাচের প্রথম বলে আউট পোর্টারফিল্ড! টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ যন্ত্রণা নিয়ে ফিরলেন পোর্টারফিল্ড। ওই ওভারেই টানা দুই চারে জবাব দিয়েছিলেন এড জয়েস। পল স্টারলিংকে নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ককে হারানোর ধাক্কাও সামলানোর। কিন্তু বৃষ্টি-বিরতি যেন কেড়ে নিল আইরিশদের ছন্দ। যখন খেলা শুরু হলো, টানা দুই ওভারে আউট জয়েস ও স্টারলিং। আগের ম্যাচে নিষ্প্রভ নারাইন কাল তাঁর প্রথম ওভারেই তুলে নিয়েছেন জয়েসকে। সুইপ করতে গিয়ে রাউন্ড দ্য লেগ বোল্ড জয়েস। স্টারলিং শুরু করেছিলেন তাঁর মতোই। টানা দুটি চার মেরেছেন স্যামিকে, আরেকটি এডওয়ার্ডসকে। স্যামিকে পুল করে গিয়েই শেষ পর্যন্ত আউট। মিড উইকেটে ক্যাচ নিয়েছেন ক্রিস গেইল। এরপর আর সহযোগী নন, গেইল মূল হন্তারকের ভূমিকায়। নিয়াল ও’ব্রায়েনকে নিয়ে ইনিংসটাকে এগিয়ে নিচ্ছিলেন গ্যারি উইলসন। কিন্তু গেইলের দ্রুতগতির এক বলে উইলসন (২২) ধরা পড়েন উইকেটের পেছনে। পরে সর্বোচ্চ স্কোরার নিয়াল ও’ব্রায়েনেরও (২৫) উইকেটটি নিয়ে সবচেয়ে সফল বোলার গেইল (২/২১)। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যান্ড: ১৯ ওভারে ১২৯/৬ (পোর্টারফিল্ড ০, স্টারলিং ১৯, এড জয়েস ১৭, নিয়াল ও’ব্রায়েন ২৫, উইলসন ২১, কেভিন ও’ব্রায়েন ১৩, জনস্টন ১৫*, জোনস ১৪*; এডওয়ার্ডস ১/২৩, রামপল ১/২০, স্যামি ১/২৩, নারাইন ১/২১, রাসেল ০/১৯, গেইল ২/২১)।