এক বছর নিষিদ্ধ গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইসন গে
টাইসন গে

ডোপ টেস্টে পজিটিভ আসাফা পাওয়েল ও টাইসন গে—অ্যাথলেটিকস বিশ্বকে টালমাটাল করে গত বছর একই দিনে হয়েছিল এমন শিরোনাম। স্প্রিন্ট ইতিহাসের সর্বকালের সেরাদের একজন জ্যামাইকান পাওয়েল গত মাসেই পেয়েছেন ১৮ মাসের নিষেধাজ্ঞা। পরশু শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গেও। নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড গ্রহণের দায়ে তাঁর নিষেধাজ্ঞা এক বছরের।

দুই বছর আগে লন্ডন অলিম্পিকে পাওয়া ৪–১০০ মিটার রিলের রুপাও ফেরত দিতে হয়েছে গেকে। রেকর্ড বই থেকে মুছে ফেলা হচ্ছে  ১৫ জুলাই ২০১২-এর পরের গের সব পারফরম্যান্স।

এক বছরের শাস্তি, কিন্তু গে আবার ট্র্যাকে পা রাখতে পারবেন আগামী ২৩ জুন থেকেই। ২০১৩ সালের ২৩ জুন থেকে শাস্তি কার্যকর হওয়াতেই সুবিধাটা পাচ্ছেন ১০০ মিটার স্প্রিন্টে সর্বকালের দ্বিতীয় দ্রুততম (৯.৬৯ সেকেন্ড) মানব। গে নিষিদ্ধ হতে পারতেন দুই বছরের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের ডোপবিরোধী সংস্থাকে (ইউএসএডিএ) গে সাহায্য করাতেই কমে গেছে তাঁর শাস্তির মাত্রা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) স্বাগত জানিয়েছে ইউএসএডিএর সিদ্ধান্তকে।

সংস্থাটির প্রধান নির্বাহী ট্রাভিস টাইগার্টের মুখে গের প্রশংসা, ‘ধরা পড়ার পরপরই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ায়, দায়িত্ব স্বীকার করায় এবং সৎভাবে আমাদের সহযোগিতা করায় আমরা টাইসনের প্রশংসা করি।’

গত বছর পজিটিভ হওয়ার পরপরই দোষ স্বীকার করে নিয়েছিলেন গে, ‘আমার কোনো ষড়যন্ত্রতত্ত্ব নেই। আমি ভুল করেছি। আশা করছি, আমি আবার দৌড়াতে পারব। তবে যে শাস্তিই হোক না কেন আমি মাথা পেতে নেব।’

২০০৭ সালে ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ ও ৪–১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন গে। কিন্তু চোট ও উসাইন বোল্টের উত্থানে থমকে যেতে হয়েছে তাঁকে। তারপর ডোপ কেলেঙ্কারির ছোবলে পথহারা গে। রয়টার্স, ওয়েবসাইট।