এক বছর বিশ্রামে থাকবেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হয়ে চাকরিটা বড্ড কঠিন ছিল পেপ গার্দিওলার। একের পর এক ম্যাচ, ভ্রমণ, লাইমলাইটের আলো—সবই অসহ্য ঠেকছিল তাঁর। সে কারণেই হয়তো গত মাসে কোচের পদ ছেড়ে দেওয়ার ঘোষণাটা দিয়ে দিয়েছেন তিনি। জুন পর্যন্ত এখনো বহাল আছেন। এরপর এক্কেবারে ছুটি! বার্সা ভক্তদের কাছে ব্যাপারটি কষ্টের ঠেকলেও গার্দিওলা যে মুখিয়ে আছেন ওই সময়টার জন্যই!‘হ্যাঁ, পাক্কা এক বছর শুয়ে-বসে থাকব। সময়টা হবে পূর্ণ বিশ্রামের।’ পরিকল্পনা গার্দিওলার। বলেছেন, ওই সময় নাকি তাঁর টিকিটিও দেখবে না কেউ। ‘আপনারা কেউই আমার দেখা পাবেন না।’ মন্তব্য বার্সার এই সফল কোচের।অবসরের পর গার্দিওলা কী করবেন, তা নিয়ে সবার গবেষণার শেষ নেই। কিন্তু গার্দিওলা বলেছেন, আপাতত এক বছর বিশ্রাম নেবেন, তারপর এ বিষয় নিয়ে ভাবতে বসবেন। তাঁর উত্তরসূরি টিটো ভিলানোভাকে নিয়ে দারুণ আশাবাদী গার্দিওলা। তিনি আশা করেন, টিটো দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গেই বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করে যাবেন। এরপর একটু অন্য প্রসঙ্গে কথা বলেছেন গার্দিওলা। আসন্ন ইউরোতে ডেভিড ভিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয়ে আছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তবে গার্দিওলা জানিয়েছেন, ভিয়া ইউরো চ্যাম্পিয়নশিপের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন। ‘ভিয়ার সুস্থ হয়ে ওঠার ধারাটা খুব দ্রুত। সে ইউরো চ্যাম্পিয়নশিপের আগেই ফিট হয়ে স্পেন দলে ফিরবে।’ ভিয়ার সুস্থতা নিয়ে আত্মবিশ্বাসী গার্দিওলা।