এক বছরে চারবার!
ভারত-পাকিস্তান হকি কি তাহলে আগের প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে ফেলেছে? নইলে এ বছরই দুদলের চারবারের সাক্ষাতে জয়ী দলের নাম কেন ভারত হবে? এটা পাকিস্তানিদের কাছে বড় এক বিম্ময়। বিশ্বকাপ, সুলতান আজলান শাহ এবং কমনওয়েলথ গেমসের পর এ বছর চতুর্থ ম্যাচটা পাকিস্তান কাল হারল ভারতের কাছে।এশিয়ান গেমসের মঞ্চে কাল দুদলের লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা। অনেকটা রুদ্ধশ্বাসও। স্কোরলাইন ৩-২। কমনওয়েলথে ছিল ৭-৪। পাকিস্তান সহজে হার মানছে না—স্কোর বোর্ডই তা জানাচ্ছে।ম্যাচের পর দুই শিবিরের অবস্থা যেমন হওয়ার কথা, তেমনই ছিল। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে বিষাদ। ভারতীয় শিবিরে উত্তেজনাও টের পাওয়া গেল, ‘যাক, এবার বোধহয় ২০১২ লন্ডন অলিম্পিকের টিকিটটা সরাসরিই মিলবে!’এশিয়াডে পাকিস্তানকে হারানোর সঙ্গে অলিম্পিকে যাওয়ার কী সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে। এশিয়াডে পাকিস্তানকে হারানো মানে সোনা জেতার ব্যাপারে ভারতের আশাবাদী হয়ে ওঠা। ভারতীয় কর্মকর্তারা বলছিলেন, এবার ভারতের খুব ভালো সম্ভাবনা তাঁরা দেখছেন।আর সোনা জিতলে আগামী লন্ডন অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পাবে ভারত। গত বেইজিং অলিম্পিকে ভারতীয় দল খেলতে পারেনি বাছাই পর্ব পেরোতে না পারায়। ইংল্যান্ডের কাছে হেরে সব শেষ হয়ে যায়। এ নিয়ে ভারতজুড়ে হইচইও কম হয়নি।ভারত-পাকিস্তান হকি ম্যাচ আগের মতো উত্তেজনার বারুদ ছড়ায় না ঠিকই, তবে এই ম্যাচ এখনো বিশ্ব হকির অঙ্গনের আগ্রহের কেন্দ্রে। দু দেশের সংবাদমাধ্যমেরই দিনটা কাটল ম্যাচ নিয়ে হুড়োহুড়িতে। এশিয়াডে ভারত সোনা জিতেছে দুই বার—১৯৯৮ ও ১৯৬৬। সবচেয়ে সফল সাতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান সর্বশেষ জিতেছে ২০ বছর আগে। ১৯৯০ সালে বেইজিং এশিয়াডে এই ভারতকে হারিয়েই সোনা জিতেছিল পাকিস্তান। এশিয়াডে দুই দলের লড়াইয়ে ভারত জিতেছে দুবার, পাকিস্তান সাতবার। সেই পাকিস্তান ২০ বছর ধরে এশিয়াডে সোনা জিততে পারছে না—ভাবুন একবার!ভারত তিনটি কাজ করেছে মাঠে। এক, পাকিস্তানকে ‘ডি’য়ের মধ্যে ঢুকতে দেয়নি। দুই, পেনাল্টি কর্নার দেয়নি। তিন, প্রতি-আক্রমণে উঠে পেনাল্টি কর্নার আদায় করে গোল করেছে। পাকিস্তান পেনাল্টি কর্নার পেয়েছে মাত্র একটি। সোহেল আব্বাসের নেওয়া সেই পেনাল্টি কর্নার দারুণ দক্ষতায় ফিরিয়েছেন ভারতীয় গোলরক্ষক দার্জিলিংয়ের ছেলে ভরত ছেত্রী। ভারত চারটি পেনাল্টি কর্নারের দুটিই কাজে লাগিয়েছে। দুটি গোলই সন্দ্বীপ সিংয়ের স্টিকে। পেনাল্টি কর্নার কাজে লাগানোই আধুনিক হকিতে জয়ের অন্যতম রেসিপি। সেটিই কাজে লাগাল ভারত।ভারত-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নামটাও চলে আসছে। এবারের এশিয়াডে দুই পরাশক্তির সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ। ভারতের কাছে বাংলাদেশ খেয়েছিল ৯ গোল। আজ প্রতিপক্ষ পাকিস্তান। ভারতের কাছে হেরে আজ না সুখাদ্য বানিয়ে ফেলে পাকিস্তান—বাংলাদেশের জন্য শঙ্কা থাকছেই! পাকিস্তানের চিন্তাটা নিজেদের নিয়েই। সোহেল আব্বাসসহ বড় তারকাদের দলে ফিরিয়েও কেন ভারতের কাছে হেরে চলেছে দল, সেই উত্তরই এখন খুঁজতে হচ্ছে!