এক বছরে ছয় সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় আড়াই মাসের বিরতি। আগামী জুনে ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ দিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। আগামী মাস থেকে ২০১৫ জুলাই পর্যন্ত ভারতের বিপক্ষেই আছে দুটি হোম সিরিজ। এ ছাড়া বিশ্বকাপ ও এশিয়ান গেমস ছাড়া দ্বিপক্ষীয় সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। এই বছরের মতো আগামী বছর জুনেও ভারত বাংলাদেশে আসবে। সেবার দুই টেস্ট ও তিন ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। কাল বর্ষপঞ্জিসংক্রান্ত এক সমন্বয় সভা শেষে এসব জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ দল। এর পরপরই দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস। ওই সময়ে জাতীয় দলের অন্য কোনো খেলা নেই বলে এশিয়ান গেমসে সম্ভাব্য সেরা দলটাই পাঠানোর পরিকল্পনা বিসিবির। নভেম্বর-ডিসেম্বরে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এরপর তো ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল।
আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটি বিশ্বকাপের কারণে পিছিয়ে গেছে এপ্রিলে। জুনে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে পরের মাসেই বাংলাদেশ দল দেশে আরেকটি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ বছর দুটি সিরিজ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশ ‘এ’ দলেরও। আগামী মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল এবং এর পরপরই জিম্বাবুয়ে ‘এ’ দল আসবে বাংলাদেশ সফরে।
জাতীয় দলের জন্য ২০১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি সিরিজই আসবে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে। ওই সময়ের র‌্যাঙ্কিংয়ের ওপরই যে নির্ভর করছে ২০১৯ বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে হওয়া না-হওয়া। আইসিসির অদ্ভুত নিয়মের কারণে বাংলাদেশের ক্রিকেটে আবারও আইসিসি ট্রফি যুগে ফিরে যাওয়ার শঙ্কায় হতাশ ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়া অধিনায়ক আকরাম খান, ‘এটা হলে আলাদা একটা চাপ তো চলে আসবেই। আমাদের পারফরম্যান্স এখন ভালো করতেই হবে। সেভাবেই প্রস্তুতি নিতে হবে। খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে প্রত্যেকের দায়িত্ব বেড়ে গেছে।’