এক বলে ৮ রান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যাটসি হেনড্রেন, অ্যান্ড্রু সাইমন্ডস
প্যাটসি হেনড্রেন, অ্যান্ড্রু সাইমন্ডস

ক্রিস রজার্সের ক্যারিয়ার পরিসংখ্যানের একটা জায়গা এখন দারুণ মজার। ১১ টেস্টে চার মেরেছেন ১১৩টি, কোনো ছয় নেই, কিন্তু ‘সাত’ আছে একটি!
একমাত্র ‘সাত’টি পেলেন সেদিন, সিডনিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। জেমস অ্যান্ডারসনের বল রজার্সের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ ও গালির মাঝ দিয়ে ছুটল সীমানার দিকে। পড়িমরি করে ইয়ান বেল যখন উইকেটকিপারের হাতে বল পাঠালেন, দুই ব্যাটসম্যান তখন তিন রান নিয়ে ফেলেছেন প্রায়। তবু উইকেটকিপার জনি বেয়ারস্টো নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানকে রানআউট করতে থ্রো করলেন গুলির বেগে। ব্যাকআপ না থাকায় চার। দৌড়ে তিন আর ওভারথ্রো চার—এক বলে সাত!
মজার ব্যাপার হলো, এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিও নয়। হরহামেশা না হলেও এক বলে ৭ রান খুব একটা বিরল নয়। এক বলে ৮ রান নেওয়ার ঘটনাও আছে। সেটিও আবার একবার-দুবার নয়, জানা ঘটনাই চার-চারটি!
সর্বশেষটি তো অনেকের স্মৃতিতেই এখনো তরতাজা। মাইকেল ক্লার্কের তো অবশ্যই। রজার্সের ৭ রানে উইকেটে সঙ্গী ছিলেন ক্লার্ক। সঙ্গী ছিলেন ৫ বছর আগে অ্যান্ড্রু সাইমন্ডসের ৮ রানেও! বড় বড় ছক্কা ক্যারিয়ারে কম মারেননি সাইমন্ডস। তবে বল যত দূরেই পাঠান, মিলবে তো ওই ৬ রানই! এক বলে ৮ নিতে তাই শারীরিক শক্তি নয়, চাই ভাগ্য। ২০০৮ সালের নভেম্বরে ট্রান্স-তাসমান লড়াইয়ের ব্রিসবেন টেস্টে সেই ভাগ্যের ছোঁয়া পেয়েছিলেন সাইমন্ডস। দুর্ভাগা বোলার ছিলেন ইয়ান ও’ব্রায়েন। আগের বলেই শর্ট মিড উইকেটে সাইমন্ডসের ক্যাচ ছেড়েছিলেন অ্যারন রেডমন্ড। রেগেমেগে পরের বলটিও ও’ব্রায়েন করলেন শর্ট। এবার সাইমন্ডস পুল করে পাঠালেন রেডমন্ডের মাথার ওপর দিয়ে। সীমানায় ঝাঁপিয়ে ফিল্ডার যখন বাঁচালেন, সাইমন্ডস ও ক্লার্ক তখন ছুটছেন চতুর্থ রানের জন্য। এত কষ্ট করে বাউন্ডারি বাঁচানোর পর যদি দৌড়েই চার নেওয়া দেখতে হয়, ফিল্ডারের মেজাজ চড়ে যায় সপ্তমে। এ জন্যই বুঝি এমন খ্যাপাটে এক থ্রো করলেন, উইকেটকিপারকে ফাঁকি দিয়ে বল আরেক
পাশ দিয়ে বাউন্ডারির বাইরে। দৌড়ে চার+ওভারথ্রোর চার, এক বলে ৮। রোমাঞ্চ আরেকটু বাড়িয়ে এক বল পরই কটবিহাইন্ড সাইমন্ডস!
টেস্ট ক্রিকেট প্রথম ‘আট’ দেখেছিল ডন ব্র্যাডম্যানের অভিষেক সিরিজে। ১৯২৯ সালে মেলবোর্নে অভিষিক্ত অস্ট্রেলিয়ান পার্সি হর্নিব্রুকের ওভারথ্রোতে ৮ পেয়েছিলেন ইংল্যান্ডের প্যাটসি হেনড্রেন। ১৯৮০-৮১ ট্রান্স-তাসমান লড়াইয়ে অস্ট্রেলিয়ান উইকেটকিপার রডনি মার্শের ওভারথ্রোতে ‘৮ সৌভাগ্য’ হয়েছিল কিউই ওপেনার জন রাইটের।
১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ১৫৫ রানের ইনিংসটির পথে বিজয় হাজারে ব্রায়ান স্টাথামের বলে ৮ নিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। তবে নিশ্চিত হওয়া যায়নি। ব্রায়ান লারারটি কিন্তু নিশ্চিত। ২০০৫ সালের পোর্ট অব স্পেন টেস্ট। দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার নিকি বোয়েকে গ্ল্যান্স করে দৌড়ে তিন নিলেন লারা। কিপিং থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করেছিলেন মার্ক বাউচার, কিন্তু তাঁর থ্রো এসে লাগল ক্লোজ ইন ফিল্ডারের জন্য এনে রাখা হেলমেটে, পেনাল্টি ৫!
শুধু এক বলে ৮ রানের জন্যই নয়, ওই পেনাল্টিকে আরেকটা কারণেও ভুলবেন না লারা। পেনাল্টি রানটা যে তাঁর জন্যইও ছিল ‘পেনাল্টি!’ আগে পেনাল্টি রান ব্যাটসম্যানের সঙ্গেই যোগ হতো। ওই টেস্টের কিছুদিন আগেই নিয়ম বদলানোয় পেনাল্টি যোগ হয়েছে দলের সঙ্গে। ওই আইনপ্রণেতাকে অভিসম্পাতের যথেষ্টই কারণ ছিল লারার, ওই ইনিংসে আউট হয়েছিলেন যে ১৯৬ রানে!