এক মঞ্চে লিনু-হালিম
একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ১০ বছর আগে। আরেকজন লেখালেন মাত্রই গত মাসে। টেবিল টেনিসে টানা ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান (লিনু) ও সর্বাধিক দূরত্বে ফুটবল মাথায় রাখার রেকর্ড গড়া আবদুল হালিমকে কাল একই ছাদের নিচে এনেছিল ইলেকট্রনিকসামগ্রী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।আবদুল হালিমের পৃষ্ঠপোষক ওয়ালটন কাল হালিমের হাতে প্রতিশ্রুত দেড় লাখ টাকা ও একটি ব্লেজার তুলে দিয়েছে। তাঁকে ওই প্রতিষ্ঠানে একটি চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে হালিম জানালেন, ‘পেলে, ম্যারাডোনা, মেসির মতো আমিও বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’ হালিমের সংবর্ধনা মঞ্চে বসে লিনু বললেন, ‘আমি যখন গিনেস বুকে নাম লেখাই, তখন বাংলাদেশের অনেকেই জানত না বিষয়টা কী। দুঃখজনক হলেও সত্যি আমি তাই সেভাবে সম্মাননা পাইনি। শুধু মেরিনার্স ক্লাব ও আমার ফেডারেশন সংবর্ধনা দিয়েছিল। হালিম এভাবে সংবর্ধনা পাওয়ায় আমি দারুণ আনন্দিত।’ লিনু আশাবাদী, বাংলাদেশের আরেকজনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাবেন অচিরেই। তিনি বাংলাদেশের দাবার প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।