এক মঞ্চে সোনার মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই ফ্রেমে বাংলার সোনাজয়ী নারী ক্রীড়াবিদেরা। এক পাশে রানী হামিদ, অন্য পাশে কাজী শাহানাকে নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। কাল জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে l প্রথম আলো
একই ফ্রেমে বাংলার সোনাজয়ী নারী ক্রীড়াবিদেরা। এক পাশে রানী হামিদ, অন্য পাশে কাজী শাহানাকে নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। কাল জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে l প্রথম আলো

রানী হামিদকে সরাসরি আগে দেখেননি মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশের দাবার রানিকে এত দিন শুধু টেলিভিশনে আর পত্রিকার পাতায় দেখেছেন গত এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া। কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে তিনি বসেছিলেন রানী হামিদের পাশেই। মাবিয়ার উচ্ছ্বাস যেন ধরে না, ‘আমার তো বিশ্বাসই হচ্ছে না রানী আপার পাশে বসেছি!’
এ যেন দুই প্রজন্মের নারী ক্রীড়াবিদদের মিলনমেলা! বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের পথিকৃৎ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে নতুন প্রজন্মের মাবিয়াদের এক মঞ্চে এনেছিল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। স্বাধীনতার পর এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক গেমসে সোনাজয়ী মহিলা ক্রীড়াবিদদের একই ছাতার নিচে এনে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয় এই সংগঠন। পৃষ্ঠপোষণায় ছিল ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন।
সাঁতার, ভারোত্তোলন, তায়কোয়ান্দো, কারাতে, উশু, শুটিং ও অ্যাথলেটিকস-এ সাতটি খেলায় সম্মাননা পেয়েছেন ২২ জন নারী ক্রীড়াবিদ। বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রানী হামিদকে।
বিদেশে থাকায় আসেননি অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই, কারাতেকা মুন্নি খানম, শুটার লাভলী চৌধুরী আঁখি। অসুস্থতার কারণে আসেননি শুটার শারমিন আক্তার রত্না ও সৈয়দা সাদিয়া সুলতানা। সাদিয়ার পক্ষে ক্রেস্ট নিয়েছেন তাঁর ভাই সৈয়দ সাকের মোহাম্মদ সিবগাতউল্লাহ।
পাহাড়ে এখন চলছে বৈসাবি উৎসব। সেই উৎসব ফেলে বান্দরবান থেকে ছুটে আসেন ২০১০ এসএ গেমসে কারাতেতে সোনাজয়ী জ উ প্রু। এসেই অতীত রোমন্থনে ব্যস্ত হয়ে পড়লেন জ উ, ‘এই অনুষ্ঠানে এসে যেন পুরোনো দিনে ফিরে গেছি। কত দিন পর যে সবার সঙ্গে দেখা হলো!’
ঢাকায় ২০১০ এসএ গেমস তায়কোয়ান্দোতে সোনাজয়ী শাম্মী আক্তার খেলা ছেড়ে ঘরকন্নায় ব্যস্ত। অনুষ্ঠানে এসেই খুঁজতে শুরু করলেন সতীর্থ শারমিন ফারজানা রুমিকে। তায়কোয়ান্দোতে একই সঙ্গে সোনাজয়ী দুই বান্ধবী মুখোমুখি হতেই জড়িয়ে ধরলেন একে অন্যকে।
কাঠমান্ডুতে ১৯৯৯ সাফ গেমসে শুটিংয়ে ৫০ মিটার রাইফেলের প্রোনে দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন কাজী শাহানা পারভীন ও সাবরিনা সুলতানা। কাল দেখা হতেই পরম মমতায় দুজন আলিঙ্গনে জড়ালেন। এমন অনুষ্ঠান কেন এনএসসি বা বিওএ আয়োজন করে না সেই অভিমান ছিল সাবরিনার কণ্ঠে। শাহানা পারভীনের কণ্ঠে কৃতজ্ঞতা, ‘এটা ভালো উদ্যোগ। আমরা খেলা ছেড়েছি, এখন ঘরেই বসে থাকি। ভেবেছি কেউ আমাদের মনে রাখে না। তা ছাড়া ব্যস্ততার কারণে চাইলেও অনেকের সঙ্গে দেখা হয় না। এই অনুষ্ঠানে এসে পুরোনো মানুষদের সঙ্গে দেখা হলো।’
পাকিস্তানে ১৯৯৬ ইসলামিক সলিডারিটি গেমসে ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন রহিমা খানম যূথী। বর্তমানে খুলনায় স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। অনুষ্ঠানে যোগ দিতে এক দিন আগেই ঢাকায় চলে আসেন। যূথীর চোখেমুখে মুগ্ধতা, কণ্ঠে কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি। ভারতে সর্বশেষ এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলাও চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ দিলেন ক্রীড়ালেখক সমিতিকে।
অনুষ্ঠানে সাবেক নারী অ্যাথলেটদের মধ্যে এসেছিলেন কামরুন নাহার ডানা, রাজিয়া সুলতানা অনু, শামীমা সাত্তার মিমো, মিউরেল গোমেজ প্রমুখ। এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের মহিলা ক্রিকেটার জাহানারা ও শুকতারাও।
প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে এসে ফিরে গেলেন ছোটবেলায়, ‘আমার মা-বাবা ছিলেন বালিকা বিদ্যালয়ের শিক্ষক। আমি ওই স্কুলের আঙিনাতেই বড় হয়েছি। স্বাভাবিকভাবে আমার ছোটবেলার খেলার সাথি ছিল মেয়ে।’
অনুষ্ঠান শেষে তাঁকে ঘিরে চলল সেলফি তোলার ধুম। সোনাজয়ী সব খেলোয়াড় একই ফ্রেমে বন্দী হলেন, মধ্যমণি রইলেন মন্ত্রী ও রানী হামিদ। এমন সোনালি মুহূর্ত হাতছাড়া করতে কেই-বা চায়!