এক মঞ্চে ‘বিগ ফোর’
সাত মাস পুড়েছেন আক্ষেপে। প্রতিদ্বন্দ্বীরা যখন দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট, তখন রাফায়েল নাদালের হাপিত্যেশ করা ছাড়া আর কী-ই বা করার ছিল? তবে চোট সারতেই আবার ফিরেছেন টেনিস কোর্টে। রাজার বেশেই বলা চলে, ব্রাজিল ও মেক্সিকো ওপেনে জিতে দিয়েছেন পুরোনোরূপে ফেরার আভাস। তবে আসল পরীক্ষাটা শুরু হবে আজ থেকে, ইন্ডিয়ানা ওয়েলসের শক্ত কোর্টে থাকছেন জোকোভিচ, মারে, ফেদেরারসহ সব মহারথীই। উইম্বলডনের পর এই প্রথম একসঙ্গে খেলছেন ‘বিগ ফোর’। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে গিয়েছিলেন। সেই যে কোর্টের বাইরে যাওয়া, এরপর গোটা বছরটাই কাটাতে হয়েছে দর্শক হয়ে। অনেক আফসোসই আছে, তবে অলিম্পিকে খেলতে না পারার বেদনাই বেশি পোড়াচ্ছে নাদালকে। ইন্ডিয়ানা ওয়েলসের অনুশীলনে নিজেই সেটা বললেন, ‘সবচেয়ে কঠিন ছিল অলিম্পিকে খেলতে না পারাটা। এটা ছিল আমার জন্য বেদনাদায়ক একটা মুহূর্ত। এমন সুযোগ তো আর সব সময় আসে না, হয়তো জীবনে একবারই আসে। আমি সেটা হারিয়েছি।’ আফসোস করতেই পারেন, লন্ডন অলিম্পিকে স্পেনের পতাকা বহনের দায়িত্বও পড়েছিল তাঁর কাঁধে।এত দীর্ঘ সময় খেলার বাইরে থাকলেও অবসরের ভাবনাটাকে কখনোই পাত্তা দেননি, ‘আমি কখনোই অবসর নিয়ে ভাবিনি। হ্যাঁ, সময়টা লম্বা ছিল। আমি জানতাম না কোর্টে কবে ফিরতে পারব। কখনো কখনো এটা হতাশারও, প্রতিদিন নিজেকে আপনি পরখ করে দেখলেন যে কোনো উন্নতিই হয়নি আপনার।’দীর্ঘ অনুপস্থিতির কারণে র্যাঙ্কিংয়েও হয়েছে অবনমন, নেমে গেছেন পাঁচে। ইন্ডিয়ানা ওয়েলসে শেষ আটে বাধা হয়ে দাঁড়াতে পারেন রজার ফেদেরার। আপাতত টুর্নামেন্টটাকে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছেন নাদাল, ‘আমি আমার সেরাটাই ঢেলে দেব। তবে আমার কোনো প্রত্যাশা নেই।’ এএফপি।