এক মাস মাঠের বাইরে আগুয়েরো
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ৪৪ বছর পর লিগ শিরোপা জিততে রেখেছিলেন সবচেয়ে বড় অবদান। লিগে ৩৪ ম্যাচে করেছিলেন ২৩ গোল। তার চেয়েও বড় কথা, কিউপিআরের বিপক্ষে শিরোপা নির্ধারণী লিগের শেষ ম্যাচে সিটির জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। সেই সার্জিও আগুয়েরো এবার মৌসুমের প্রথম ম্যাচেই ছিটকে পড়লেন মাঠের বাইরে।তবে ম্যান সিটিকে খুব একটা মূল্য হয়তো এ জন্য দিতে হবে না। আর্জেন্টাইন তারকাকে বাইরে কাটাতে হবে মাত্রই একটি মাস। গত রোববার সাউদাম্পটনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই চোট পেয়েছেন আগুয়েরো। সাউদাম্পটন ডিফেন্ডার নাথানিয়েল ক্লাইনের বৈধ ট্যাকলে হাঁটুতে চোট পেয়ে আগুয়েরো মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। সেখান থেকে হাসপাতালে। প্রথমে অবশ্য ভরকেই গিয়েছিলেন কোচ রবার্তো মানচিনি। মৌসুমের অধিকাংশ সময়ই আগুয়েরোকে বাইরে কাটাতে হয় কি না, জেগেছিল সেই শঙ্কাও।স্ক্যান রিপোর্ট সিটি শিবিরকে স্বস্তিই দিয়েছে। চার সপ্তাহ বাইরে কাটিয়ে ম্যারাডোনা-জামাতা মাঠে ফিরতে পারবেন আগামী মাসে আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরই। সেপ্টেম্বরের ৯ ও ১১ তারিখ বিশ্বজুড়ে আন্তর্জাতিক ম্যাচের মেলা। এর পর ১৫ সেপ্টেম্বর স্টোক সিটির বিপক্ষে ম্যাচেই ২৪ বছর বয়সী স্ট্রাইকার খেলতে পারবেন বলে প্রতাশা। রিপোর্ট পেয়ে মানচিনি খুশি, ‘আমার মনে হয় না সার্জিও দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকবে। আমরা আশাবাদী, আন্তর্জাতিক বিরতির পরই সে মাঠে ফিরবে। এটি নিশ্চিতভাবেই তার এবং আমাদের জন্য সুসংবাদ। দিন দুই আগেও আমরা খুবই শঙ্কিত ছিলাম। কারণ আমরা ভয় পেয়েছিলাম, তাকে হয়তো ছয় মাস কিংবা তারও বেশি সময় বাইরে কাটাতে হবে।’