এক মাস মাঠের বাইরে বালোতেল্লি
ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির কপালের ভাঁজ আরও বাড়তেই পারে। এমনিতেই সার্জিও আগুয়েরো চোটের কারণে দলের বাইরে, দলের আক্রমণভাগ নিয়ে একটু ঝামেলায় আছেন। ঝামেলা বাড়াল মারিও বালোতেল্লির অসুস্থতা। চোখের সমস্যায় এক মাসের জন্য খেলতে পারবেন না বালোতেল্লি। ‘সুপার’ মারিও এমনিতেই কাছের জিনিস ভালো দেখেন না, এত দিন কন্টাক্ট লেন্স দিয়ে কাজ চললেও অ্যালার্জির কারণে সেটাও পীড়া দিচ্ছে। দীর্ঘদিনের ত্রুটিটা গুরুতর হয়ে ওঠায় এবার অস্ত্রোপচারেরই শরণ নিতে হবে। নিজের শহর ইতালির ব্রেসিয়াতেই চলবে চিকিৎসা, সেজন্য প্রায় এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে ফুটবলের ‘ব্যাড বয়’কে। ইতালির বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না, খেলছেন না স্টোক সিটির প্রিমিয়ার লিগের পরের ম্যাচেও। তবে ১৮ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদের সঙ্গে সিটির চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই তাঁর অভাবটা সবচেয়ে বেশি অনুভব করবেন মানচিনি। বালোতেল্লি না থাকায় পেপে, রামোসরা খানিকটা হলেও কি নির্ভার থাকবেন না? ওয়েবসাইট।