এক মাসের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসেই শেষ হল্যান্ডের র‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব। তবে এত অল্প সময়ের জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই প্রথম নয়। হল্যান্ডের আগে আরও তিনটি দেশ জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা এক মাসের জন্য এক নম্বর ছিল। ডাচদের জন্য আশার খবর, ওই তিন দেশই পরে আবারও শীর্ষে উঠেছিল। ১৯৯৩ সালের আগস্টে র‌্যাঙ্কিংয়ের প্রচলন। প্রথম এক নম্বর দল জার্মানি। অবশ্য পরের মাসেই ব্রাজিল পেছনে ফেলে তাদের। নভেম্বরে ইতালি শীর্ষে উঠলেও পরের মাসেই ফিরে আসে জার্মানরা। ২০০৭-এর মার্চে আর্জেন্টিনা প্রথমবারের মতো এক মাসের জন্য শীর্ষে ওঠে। ২০০৭ সালে ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে এক নম্বর ছিল ইতালি। এখন পর্যন্ত মোট ৭টি দেশ এক নম্বর হয়েছে। টানা শীর্ষে থাকার রেকর্ডটি ব্রাজিলের। জুলাই ১৯৯৪ থেকে এপ্রিল ২০০১ পর্যন্ত টানা ৬ বছর ১০ মাস শীর্ষে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।