এক ম্যাচ ‘নিষিদ্ধ’ ধোনি
স্লো-ওভার-রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিষেধাজ্ঞা ছাড়াও ধোনিকে আজ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তাঁর ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের প্রত্যেককে তাঁদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।স্লো-ওভার-রেটের ক্ষেত্রে আইসিসির সর্বশেষ নীতিমালা অনুযায়ী, এক বছরের ব্যবধানে কোনো দল দুইবার নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হলে পরবর্তী এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওই দলের অধিনায়ক। একই সঙ্গে তাঁকে তাঁর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করে হবে। বাকি ক্রিকেটারদের জরিমানা করা হবে দলের অধিনায়কের অর্ধেক। এর আগে তিনবার ব্যর্থ হলে নিষিদ্ধ হতেন সংশ্লিষ্ট দলের অধিনায়ক।বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হয়েছিল ভারত। আজ আবারও একই অপরাধ করায় ভারতীয় ক্রিকেটারদের শাস্তির ঘোষণা দেন ম্যাচের রেফারি।স্লো-ওভার-রেটের কারণে নিষিদ্ধ হওয়ার অভিজ্ঞতা ধোনির জন্য অবশ্য নতুন নয়। টেস্টে এক বছরের মধ্যে দুইবার নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হওয়ায় অ্যাডিলেড টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।