এক ম্যাচে এক ডজন উইকেট মাহমুদউল্লাহর

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বিকেএসপির উইকেট যে বোলিং স্বর্গে রূপ নিয়েছে তা টের পাওয়া গিয়েছিল প্রথম দিনেই। তিন দিনেই ফল দেখে ফেলেছিল বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচ। বাদ ছিল বিকেএসপির তিন নম্বর মাঠের ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচের ফল। চতুর্থ দিনে সেটিরও নিষ্পত্তি হলো। মাহমুদউল্লাহর মধ্যাঞ্চল জিতল ৩৭ রানে।
মধ্যাঞ্চলের বিপক্ষে ৩১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৯। আজ শেষ দিনে জয়ের জন্য ১৫১ রান দরকার ছিল আবদুর রাজ্জাকের দলের। হাতে উইকেট ছিল ৭টি। কিন্তু আজ ১১৩ রান যোগ করেই থেমে গেল তাদের ইনিংস গাড়ি। বেশ কাছে গিয়েও পরাজয় মেনে নিতে হলো ৩৭ রানের। গত দিনে আবার জাতীয় দলে ডাক পাওয়া ইমরুল কায়েসের ৭৪, আর যার বদলে ডাক পেয়েছেন সেই এনামুল হকের ৬৭ রান দলকে জয়ের জন্য ভালো শুরুই এনে দিয়েছিল। কিন্তু আজ জিয়াউর রহমান (৪৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি বলেই মেনে নিতে হলো পরাজয়।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দক্ষিণাঞ্চলের চূড়ান্ত সর্বনাশ করেছেন মধ্যাঞ্চল দলপতি মাহমুদউল্লাহ। একাই নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে মধ্যাঞ্চল অধিনায়কের সংগ্রহ ১২ উইকেট। ফলে ম্যাচ সেরাও তিনি। শেষ দিনে দক্ষিণাঞ্চলের ধ্বংসযজ্ঞে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়েছিলেন ইলিয়াস সানিও। তিনি নিয়েছেন ৩টি উইকেট।