প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতে হতেও হলো না এক ম্যাচে মোহাম্মদ শরীফের দুই হ্যাটট্রিক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচে দুই হ্যাটট্রিক করা বোলারের সংখ্যা রইল সেই সাতই। ১৯৭৮ সালে সর্বশেষ এই কীর্তি করেছিলেন পাকিস্তানের আমিন লাখানি। মুলতানে সফরকারী ভারতের বিপক্ষে বিশ্ববিদ্যালয় ও তরুণদের সম্মিলিত একাদশের হয়ে দুই ইনিংসেই হ্যাটট্রিক করেছিলেন কখনোই টেস্ট না খেলা এই বাঁহাতি স্পিনার। বাকি ছয় বোলারের দুজন, আলবার্ট ট্রট ও জোগিন্দর সিং রাও আবার দুটি হ্যাটট্রিক পেয়েছেন এক ইনিংসেই। ১৯০৭ সালে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের ট্রট সমারসেটের বিপক্ষে এবং যোগিন্দর ১৯৬৩ সালে সার্ভিসেস দলের হয়ে উত্তর পাঞ্জাবের বিপক্ষে। ট্রট প্রথমবার উইকেট পেয়েছিলেন টানা চার বলেই! ক্যারিয়ারে তিনটি হ্যাটট্রিক করা যোগিন্দরের আগের হ্যাটট্রিকটি এসেছিল ঠিক আগের ম্যাচেই। সেটি ছিল আবার তাঁর অভিষেক ম্যাচ!