এক ম্যাচে ৩৬ লাল কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ বিশ্বকাপের হল্যান্ড-পর্তুগাল ম্যাচটির কথা নিশ্চয়ই ভুলে যাননি। দুই সাবেক ঔপনিবেশিক শক্তি এককালে সাম্রাজ্য দখলের লড়াইয়ে যেভাবে কামান নিয়ে হামলে পড়ত একে অন্যের ওপর, জার্মানি বিশ্বকাপের সবুজ মাঠে তেমনই ঠোক্কর লেগেছিল তাদের দুই ফুটবল দলের! ভ্যালেন্তিন ইভানভের ঘাম ছুটে গিয়েছিল ম্যাচ নিয়ন্ত্রণ করতে গিয়ে। পকেট থেকে ১৬ বার হলুদ আর চারবার লাল কার্ড বের করেছিলেন রাশান রেফারি। নস্যি! রোববার প্যারাগুয়ের জুনিয়র পর্যায়ের লিগ ম্যাচে যা ঘটল, তার কাছে এ কিছুই না। এদিন যে রেফারি লাল কার্ড দেখিয়েছিলেন ৩৬ জন খেলোয়াড়কে!তেনিয়েন্তে ফারিনার মাঠে এসে খেলছিল লিবার্তাদ ক্লাব। ম্যাচটা ঠিকঠাকই চলছিল। কিন্তু ঝামেলা বাধে শেষ ৫ মিনিটে। গড়বড় হয়ে যায় সব। দুই দলের দুই বিবদমান খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি নেস্তর গিলেন। লাল কার্ড দেখে দমে তো যায়ইনি, বরং ওই দুই খেলোয়াড় আরও মহা উৎসাহে মারপিট চালিয়ে যায়। দ্রুতই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটেও। মাঠের ২২ জন খেলোয়াড়ের পাশাপাশি ডাগ আউটের ১৪ খেলোয়াড়ও শুরু করে দেয় মারামারি। জীবন বাঁচাতে মাঠ ছেড়ে পালিয়ে যান রেফারি আর তাঁর সহকারীরা। পরে দুই দলের ৩৬ খেলোয়াড়ের প্রত্যেককে লাল কার্ড দেখানো হয় রেফারির রিপোর্টে।মারপিট যতই করুক, একটা বিষয়ে দুই দলই একমত—রেফারির কারণেই নাকি এমনটা ঘটেছে। দুই দলের ক্লাব সভাপতিই দুষেছেন রেফারিকে। রেফারি মাঠ ছেড়ে পালিয়ে না গেলে পরিস্থিতি এত খারাপ হতো না বলেই দাবি তাঁদের। ফারিনা প্রেসিডেন্ট হার্নান মার্টিনেজ বলেছেন, ‘রেফারিরা তো মাঠেই থাকল না। মারামারি শুরু হতেই ড্রেসিংরুমে পালিয়ে গেল। মাঠে কী হয়েছে, তারা বুঝল কীভাবে? কিন্তু রিপোর্টে ঠিকই ৩৬ খেলোয়াড় বহিষ্কার করে নিজেদের দোষ আড়ালে রাখল।’ রয়টার্স।