এক ম্যাচে ৫৭০ পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল প্রচলিত কথা, কিন্তু জাভি হার্নান্দেজের ক্ষেত্রে কথাটি এতটাই মানিয়ে যায় যে বারবারই বলতে হয়, ‘গোল করার চেয়ে করাতেই যেন তাঁর বেশি আনন্দ।’জাভি এমনই। কষ্ট করে, নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অন্যের মুখে খাবার তুলে দেন। স্কোরশিটে তাঁর নাম হয়তো খুব একটা থাকে না। তবে কৃতিত্ব তাতে কমে যায়নি, বরং শ্রেষ্ঠত্বেও কোনো প্রভাব ফেলেনি। গত ইউরোটাই দেখুন না, ৪৪ বছর পর স্পেনের বড় কোনো শিরোপা জয়ের টুর্নামেন্টে জাভি গোল করেছিলেন মোটে একটি। কিন্তু অবিশ্বাস্যভাবে ২৫৪ পাসের ৮৯ শতাংশই সফল করে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ ঠিকই পেয়েছিলেন। ৯২ আন্তর্জাতিক ম্যাচে জালের দেখা মোটে আটবার পেলেও তাই স্পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন তিনি।এবার বিশ্বকাপেও দেখা যাচ্ছে চিরপরিচিত সেই জাভিকে। এখনো পর্যন্ত গোলের দেখা পাননি, কিন্তু তাতে কী? ম্যাচ-সেরা হয়ে গেছেন দুবার, দুটিই আবার নকআউট পর্বে। দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বিপক্ষে সেরা হয়েছিলেন, হলেন পরশু সেমিফাইনালেও। ইউরোর মতো গোল্ডেন বলটা এবারও তাঁর হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোনো গোল করতে না পারলেও নিজের জায়গায় তাঁর ধারে-কাছে কেউ নেই। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ ৫৭০টি পাস দিয়েছেন এই মিডফিল্ডার, দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ জাবি আলোনসোর চেয়ে যা ৭৯টি বেশি! ৪৭৫টি পাস দিয়ে তৃতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি হচ্ছেন কি না, এটা নিয়ে অবশ্য জাভির কোনো মাথাব্যথা নেই। দলের জন্য নিজের কাজটুকু ঠিকঠাকভাবে করে যেতে পারলেই খুশি তিনি। সেমিফাইনালের ম্যাচ-সেরা হয়েও যেমন নিজের চেয়ে বেশি কথা বললেন দল নিয়েই, ‘আমরা অসাধারণ খেলেছি। পুরো খেলাই আমরা নিয়ন্ত্রণ করেছি। ওরা অবশ্য খুব ভালো ডিফেন্স করেছে। তবে আমরাও অনেক সুযোগ সৃষ্টি করেছি। স্পেনের জন্য এটা ছিল অসাধারণ একটা ম্যাচ। জার্মানিকে হারিয়ে আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। বিশ্বকাপ ফাইনালটা আমাদের জন্য এখন উপভোগের ম্যাচ।’চাপ নিয়ে খেলেই জার্মানির বিপক্ষে এমন খেলেছে স্পেন, উপভোগ করে খেললে না জানি ফুটবলটা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে!