এক ম্যাচেই শেষ
মাত্র এক ম্যাচ! সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভেনসের বিপক্ষে সেই ম্যাচে হেরে যাওয়ার পর কোচ জিমি কনর্সকে বরখাস্ত করলেন মারিয়া শারাপোভা। গত মাসে টমাস হগস্টেডের সঙ্গে প্রায় আড়াই বছরের সম্পর্ক চুকিয়ে দিয়ে আট গ্র্যান্ড স্লামজয়ী জিমি কনর্সকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন শারাপোভা। পরশু কোচ বরখাস্তের কথা স্বীকার করেছেন রুশ টেনিস তারকা। এর এক দিন আগে লন্ডন টাইমস দিয়েছিল শারাপোভা-কনর্স জুটি ভেঙে যাওয়ার খবর।নতুন কোচকে বরখাস্ত করার কারণটা অবশ্য নির্দিষ্ট করে বলেননি শারাপোভা। জানিয়েছেন শুধু এটুকুই, ‘ক্যারিয়ারের এই সময়ে জুটিটা ঠিকমতো জমছে না।’অথচ ভাবা হয়েছিল কনর্সের মতো সাবেক মহাতারকার সঙ্গে শারাপোভার জুটিটা হবে দুর্দান্ত, স্বপ্নের মতো। বছর খানেক আগেও যিনি বড় ম্যাচে ভেঙে পড়তেন, সেই অ্যান্ডি মারে টেনিস ইভান লেন্ডলকে কোচ হিসেবে পেয়ে গত বছর জিতেছেন অলিম্পিক সোনা ও ইউএস ওপেন। ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে এ বছর জিতেছেন উইম্বলডনও। শারাপোভাও কনর্সকে পেয়ে ঘুরে দাঁড়ানোরই স্বপ্ন দেখেছিলেন! তাঁকে কোচ করার ঘোষণা দেওয়ার সময়ই উচ্ছ্বসিত ছিলেন শারাপোভা, ‘আমাদের নতুন জুটি নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং তাকিয়ে আছি আসন্ন টুর্নামেন্টগুলোর দিকে।’ কিন্তু মাত্র একটা ম্যাচ খেলার পরই শেষ হয়ে গেল সবকিছু! সিনসিনাটি ওপেন সামনে রেখে মাত্র সপ্তাহ দুয়েক শারাপোভাকে নিয়ে কাজ করার সুযোগ হয়েছে কনর্সের। এক ম্যাচ পরই বরখাস্ত হওয়াটা কনর্সের কাছে কতটা বিস্ময় হয়ে এসেছে কে জানে! আমেরিকান এই টেনিস কিংবদন্তি টুইটারে শুধু জানিয়েছেন, বাড়ি ফিরে গিয়ে রান্নাবান্না করে পরিবারের সঙ্গেই সময় কাটছে তাঁর। ওয়েবসাইট।