এক ম্যাচের অধিনায়ক পন্টিং
গত মার্চে যখন দায়িত্ব ছেড়েছিলেন, তখন কি ভাবতে পেরেছিলেন এক বছরের মধ্যেই আবার নেতৃত্ব দেবেন দলকে! অভাবনীয় সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিবি সিরিজের ম্যাচে আবারও অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামবেন পন্টিং! মাত্রই একটা ম্যাচের জন্য, তার পরও অধিনায়ক তো! ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার স্কোয়াডে একটি পরিবর্তনও হয়েছে। ব্রেট লির চোটে প্রথম তিন ম্যাচের দলে জায়গা হয়েছিল বেন হিলফেনহসের। অনুমিতভাবেই ফিরেছেন লি, তবে হিলফেনহসও থাকছেন। বিশ্রাম দেওয়া হয়েছে চোটপ্রবণ পেসার রায়ান হ্যারিসকে। ম্যাথু ওয়েডের পারফরম্যান্স দীর্ঘায়িত করেছে ব্র্যাড হাডিনের ‘বিশ্রাম’। রোববার ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে লাগে মাইকেল ক্লার্কের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা মিস করলেও রোববার ভারতের বিপক্ষেই আবার খেলতে পারবেন ক্লার্ক। এক ম্যাচের জন্য অধিনায়ক বাছতে গিয়ে ভালো ঝামেলায়ই পড়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। একটা সমাধান হতে পারত, প্রথম তিন ম্যাচে ক্লার্কের ডেপুটি ডেভিড ওয়ার্নারকে দায়িত্ব দেওয়া। কিন্তু নির্বাচকেরা বেছে নিলেন পন্টিংকে। প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়েছেন, দলের বৃহত্তর স্বার্থেই এক ম্যাচের জন্য দায়িত্ব নিতে রাজি হয়েছেন পন্টিং।তবে সিদ্ধান্তটা পছন্দ হয়নি সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর, ‘রিকি কাজটা অনায়াসেই করতে পারবে, তবে ওয়ার্নার হলো ভবিষ্যৎ। নেতৃত্বগুণ আছে ভেবেই যদি ওয়ার্নারকে সহ-অধিনায়ক করা হয়, তাহলে অধিনায়ক করা হবে না কেন? তারা হয়তো ভাবছে, ওয়ার্নার এখনো প্রস্তুত নয়, তাহলে সহ-অধিনায়কত্ব দেওয়া হলো কেন? আমি এর কোনো মানে দেখছি না।’ইনভেরারিটি অবশ্য যুক্তি দিয়েছেন, ‘ওয়ার্নার মাত্র নিজেকে গুছিয়ে নিতে শুরু করা তরুণ এক ক্রিকেটার। ওর মাঝে নেতৃত্বের সম্ভাবনা অবশ্যই লুকিয়ে আছে। তবে নির্বাচক কমিটির মনে হয়েছে, ওকে এই বাড়তি দায়িত্ব দেওয়ার সময় এখনো হয়নি।’ওয়াহর অসন্তুষ্টির শেষ নয় অবশ্য এখানেই। যে আর্গাস রিভিউ কমিটির সুপারিশে ইনভেরারিটির আগমন ও অস্ট্রেলিয়ান ক্রিকেটে এত ওলট-পালট, সেই কমিটির সদস্য ছিলেন ওয়াহ। কমিটির একটা সুপারিশ ছিল নির্বাচকদের সঙ্গে ক্রিকেটারদের সরাসরি যোগাযোগ বাড়ানো। হাডিনের ‘বিশ্রাম’ নাটকের ক্ষেত্রে সেটা দেখতে না পেয়ে তাই ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াহ।