এক যুগ পর ইউরোপ-সেরা রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিস্মরণীয় এক জয়। রিয়ালের খেলোয়াড়দের অভিব্যক্তিই বলে দিচ্ছে সব।
অবিস্মরণীয় এক জয়। রিয়ালের খেলোয়াড়দের অভিব্যক্তিই বলে দিচ্ছে সব।

ভোরের উজ্জ্বল আকাশ সব সময় রৌদ্রকরোজ্জ্বল দিনের ইঙ্গিত দেয়—কেউ যদি এই দাবি করেন, তাহলে সবচেয়ে আগে তার বিরোধিতা করবেন ডিয়েগো সিমিওনে আর অ্যাটলেটিকো সমর্থকেরা। ভিসেন্তে ক্যালদেরনে যখন উত্সবের আবহ; একটি মিনিট কোনোমতে পার করে দিলেই যেখানে ইতিহাসের দরজা খুলে যাবে অ্যাটলেটিকোর সামনে, ঠিক তখনই সার্জিও রামোসের গোল। আর একটি গোলই এলোমেলো করে দিল সবকিছু। ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া দল ৫৭ মিনিট তা ধরে রেখেও শেষ পর্যন্ত পরাজিত ৪-১ গোলে।

দীর্ঘ এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা রিয়াল হাতে তুলল দারুণ ভঙ্গিতে, রাজকীয় কেতায়। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে রামোস হেড করে সমতায় ফেরালেও অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকোকে ‘খুনে’র দায়ে অভিযুক্ত গ্যারেথ বেল, মার্সেলো আর ক্রিস্টিয়ানো রোনালদো। ‘লা ডেসিমা’ কী চমত্কারভাবেই না ধরা দিল কার্লো আনচেলত্তির শিষ্যদের হাতে!

ভাগ্যদেবী কী একটু নির্মম আচরণই করলেন অ্যাটলেটিকোর সঙ্গে? ব্যাপারটি নিয়ে বিতর্ক হতে পারে। পাঁড় রিয়াল-বিরোধীরা একে ‘ভাগ্য-প্রসূত’ জয় হিসেবেও অ্যাখ্যা দিতে পারেন। কিন্তু ১-০ গোলে পিছিয়ে পড়ে রিয়ালের লড়াইটা একটু অনুভব করে দেখুন। অন্য কিছু আর মাথায় আনতে পারবেন না। অ্যাঙ্গেল ডি মারিয়া, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদোরা যেন অ্যাটলেটিকোর মুঠো থেকে এক প্রকার ছিনিয়েই নিয়ে গেলেন ম্যাচটা। গোলের সুযোগ তৈরি না করে কেবল গোল ঠেকিয়ে যে চ্যাম্পিয়নস লিগের মতো আসরের ফাইনাল জেতা যায় না, সিমিওনে-শিষ্যরা ব্যাপারটি আজ বুঝে গেছেন সর্বোচ্চ মূল্য দিয়েই।

অ্যাটলেটিকো কী আজ খুব খারাপ খেলেছে? না, এ কথা অবশ্যই বলা যাবে না। পুরো ম্যাচেই রিয়ালের পায়ে পায়ে পা বাজিয়ে লড়াইটা তারা দারুণই করেছে। কিন্তু গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে না পারা, কিংবা বড় উপলক্ষের আগমুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পারাই মূলত অ্যাটলেটিকোর পরাজয়ের কারণ।

অভিজ্ঞতার জোরটাও আজ রিয়াল সারা বিশ্বকে দারুণভাবেই দেখিয়ে দিয়েছে। গোটা মৌসুমে দারুণ খেলে হিসাবের বাইরে থেকে স্প্যানিশ লিগের শিরোপ জয় কিংবা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চলে আসা অ্যাটলেটিকোর সঙ্গে রিয়ালের পার্থক্যটা তৈরি হয়েছে ম্যাচের শেষার্ধেই। ‘লা ডেসিমা’র স্বপ্ন প্রায় ধূলিসাত্ হতে বসার মুহূর্তে সার্জিও রামোসের ঠান্ডা মাথার গোলটিই আসলে পার্থক্যটা তৈরি করে দিয়েছে। অভিজ্ঞতার চালটা এখানেই চেলেছেন রিয়াল ফুটবলাররা। রামোসের গোলটি ম্যাচের অতিরিক্ত সময়ে নিলেও খেলাটা আসলে ঠিক তখনই হেরে গেছে অ্যাটলেটিকো। অতিরিক্ত সময়ে ভগ্ন মনোবলের সিমিওনে-বাহিনীকেই পর পর তিনটি গোল হজম করতে বাধ্য করেছেন উজ্জীবিত রিয়াল-সৈনিকেরা। গ্যারেথ বেল কিংবা মার্সেলো—দুটো গোলের সময়ই মনে হয়েছে ৯৩ মিনিটে গোল হজম করে অ্যাটলেটিকো তখন মানসিকভাবে ভগ্ন-বিধ্বস্ত একটি দল। ১২০ মিনিটে রোনালদোর আরও একটি চ্যাম্পিয়নস লিগ গোল যেন এসেছে অনেকটা বিনা বাধাতেই।

খেলার শুরুটা কিন্তু হয়েছিল অনেকটা সতর্কতার সঙ্গেই। দুই দলই একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ধারণা নিতে চাচ্ছিল। গত সপ্তাহে স্প্যানিশ লিগের শেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে চোটগ্রস্ত ডিয়েগো কস্তা আজকের ম্যাচে অনিশ্চিত থাকলেও সবাইকে চমকে দিয়ে তাঁকে মাঠে নামান কোচ সিমিওনে। তবে সিমিওনের চমক স্থায়ী হয়নি বেশিক্ষণ। হ্যামস্ট্রিংয়ের চোট খেলা শুরুর নয় মিনিটের মাথাতেই মাঠ থেকে উঠে যেতে বাধ্য করে ব্রাজিলে জন্ম নেওয়া এই ‘স্প্যানিশ’ স্ট্রাইকারকে।

রিয়ালের জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছিলেন গ্যারেথ বেলই ছবি: এএফপি
রিয়ালের জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছিলেন গ্যারেথ বেলই ছবি: এএফপি



কস্তা উঠে গেলেও মনোবল অটুটই ছিল অ্যাটলেটিকোর। রিয়ালের সৃষ্টিশীল ফুটবলারদের ‘খেলা নষ্ট’ করার কৌশলটি আজকের ম্যাচে অনেকটা সময় দারুণভাবে প্রয়োগ করেছেন কোচ সিমিওনে। কিন্তু ম্যাচের প্রথম পরিষ্কার সুযোগটি পেয়েছিল রিয়ালই। অ্যাটলেটিকোর থিয়াগোর একটি ভুল পাস ধরে প্রায় ফাঁকা জায়গা দিয়েই প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েন বেল। কিন্তু তাড়াহুড়ো করেই কিনা বেল বলটি বাইরে মারেন।

বেলকে আফসোসে ফেলে ৩৬ মিনিটে গোল করে খেলায় এগিয়ে যায় অ্যাটলেটিকো। গোলটি যে খুব দৃষ্টি-সুখকর ছিল, এ কথা একেবারেই বলা যাবে না। গোলটির জন্য বরং সবচেয়ে বেশি দায়ী হবেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসই। একটি প্রায় ক্লিয়ার করা কর্নার হেড করে বক্সের ভেতর ফেলেন হুয়ানফ্রান। ক্যাসিয়াস ভুল জায়গায় দাঁড়িয়ে—ব্যাপারটা লক্ষ্য করেই কিনা শূন্যে ভাসতে থাকা বলে হেড করেন ডিয়েগো গডিন। বলটি ক্যাসিয়াসের মাথার ওপর দিয়েই জালে জড়ায়। স্পেন জাতীয় দলের গোলরক্ষক অবশ্য প্রাণান্ত প্রয়াস নিয়েছিলেন ফিস্ট করে বল বাইরে ঠেলার। কিন্তু তাঁকে বোকা বানিয়ে বল আশ্রয় নেয় জালে।

এক গোলে এগিয়ে গিয়ে নিজেদের খেলাটা ঠিকই ধরে রেখেছিল অ্যাটলেটিকো। রিয়ালের ফরোয়ার্ডদের পায়ে পায়ে দৌড়ে বাজি প্রায় মাতই করে ফেলেছিল তারা। পুরো সময় নিজেরা গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে না পারলেও রিয়ালের আক্রমণ মোটামুটি মুনশিয়ানার সঙ্গেই প্রতিহত করে গেছেন অ্যাটলেটিকোর রক্ষণসেনারা। কিন্তু শেষ রক্ষাটা করতে পারেননি।

খেলার একেবারে শেষলগ্নে এসে মনোযোগটাই হারিয়ে বসলেন অ্যাটলেটিকো খেলোয়াড়েরা। কোচ সিমিওনের আচার-আচরণেও বোঝা যাচ্ছিল তিনিও আবেগের হাতে বন্দী। আর একটি মিনিট কাটিয়ে দিতে পারলেই যেখানে ইতিহাস গড়া হয়ে যায়, সেখানে রক্ষণকে অটুট রাখতে পারলেন না তাঁরা। রক্ষণের একটি ফাটল দিয়েই লক্ষ্যভেদ করলেন রামোস। জয় পেতে পেতেও খেলাটি গড়াল অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটে রামোসের সমতাসূচক গোলেই বিধ্বস্ত অ্যাটলেটিকো
৯৩ মিনিটে রামোসের সমতাসূচক গোলেই বিধ্বস্ত অ্যাটলেটিকো

নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে গেলে যা হয়, সেটাই অতিরিক্ত সময়ে মূর্ত হয়ে উঠল অ্যাটলেটিকোর খেলায়। এলোমেলো ফুটবল আর রিয়ালের ফরোয়ার্ডদের জায়গা করে দেওয়ার প্রবণতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল তাদের জন্য। অ্যাঙ্গেল ডি মারিয়া খেললেন তাঁর জীবনের অন্যতম সেরা ম্যাচ। লুকা মদ্রিচও কম যাবেন কেন! গ্যারেথ বেল বুঝিয়ে দিলেন কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। রোনালদো খেলিয়ে গেলেন সবাইকে। সাসপেনশনের কারণে স্যুট-টাই পরে গ্যালারিতে আশ্রয় নেওয়া জাবি আলোনসোও যেন রিয়ালের হয়ে খেললেন। আক্রমণাত্মক ফুটবল আর গোলের সুযোগ তৈরি করার কৌশল দারুণভাবে কাজে দিল আনচেলত্তির শিষ্যদের। মারিয়ার একটি দারুণ ক্রস থেকে অতিরিক্ত সময়ের ১১০ মিনিটে বেল রিয়ালকে যখন এগিয়ে দেন, অ্যাটলেটিকোর তখন আর লড়াইয়ের শক্তিটুকুও নেই।

২-১-এ পিছিয়ে অ্যাটলেটিকোর খেলার ধরনটা যেন ছিল ‘খেলা হচ্ছে তাই খেলছি’র মতোই। এক গোলে পিছিয়ে থেকে নির্ধারিত ৯০ মিনিটের শেষার্ধে রিয়ালের আক্রমণে যে ধার ছিল তার ছিটেফোটাও দেখা গেল না রাউল গার্সিয়া, ভিয়া কিংবা আদ্রিয়ান লোপেজদের খেলায়। ক্লান্ত-বিধ্বস্ত অ্যাটলেটিকোর কফিনে যেন চূড়ান্ত পেরেক ঠোকার মতো করেই মার্সেলোর পা থেকে এল তৃতীয় গোলটি। অতিরিক্ত সময়ের ঘড়িতে তখন ১১৮ মিনিট চলছে।

১২০ মিনিটে রোনালদো কীভাবে একটি পেনাল্টি আদায় করে নিলেন, সেটা বোধকরি বলতে পারবেন না খোদ অ্যাটলেটিকোর খেলোয়াড়েরা। নিশ্চিত বিজয় হাত থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁদের তখন হতবুদ্ধি অবস্থা। পেনাল্টি থেকে রোনালদো চ্যাম্পিয়নস লিগে নিজের ১৭তম গোলটি করার সঙ্গে সঙ্গেই মাদ্রিদের সিবেলিস স্কয়ারে তখন উন্মত্ত চিত্কার, উদ্দাম আনন্দ। স্প্যানিশ ভাষায় সমর্থকেরা তখন হয়তো নিজেদের দশম শিরোপার বন্দনাতেই মত্ত। এমন একটি জয়ের পর দু-একজন রিয়াল সমর্থক যদি আনন্দে ‘পাগল’ও হয়ে যান, তাহলে কী তাঁদের খুব বেশি দোষ দেওয়া যায়? সূত্র: এএফপি, রয়টার্স, টেন অ্যাকশন।