এক যুগ পর ইতালি-আর্জেন্টিনা
একসময় দুই দলের খেলাটা হয়ে উঠেছিল নৈমিত্তিক। ১৯৭৮ থেকে ১৯৯০—টানা চারটি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। এরপর তাদের সর্বশেষ মুখোমুখি হওয়ার ইতিহাস ঘাঁটতে অনেক পেছনে যেতে হবে। সেই ২০০১ সালে রোমের ম্যাচের পর আর্জেন্টিনা ও ইতালির সাক্ষাৎ হয়নি! সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এএফপি, রয়টার্স। ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, কালই আবার মুখোমুখি হচ্ছে দুই দল। কাকতালীয়ভাবে এই ম্যাচটা হচ্ছে সেই রোমেই। তবে ম্যাচের আগে পোপকে নিয়ে আলোচনা ছাপিয়ে গেছে ফুটবলকে। ফুটবল আগে না পোপ আগে? প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে পারে। ফুটবলের সঙ্গে আবার পোপের কী সম্পর্ক? তবে ইতালির কোচ সিজারে প্রানদেল্লি এই ম্যাচের আগে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিসকে। পোপের ফুটবলপ্রীতি অবশ্য অবিদিত নয়। তার ওপর জন্মসূত্রে তিনি আর্জেন্টাইনও বটে। আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর পাঁড় সমর্থক। গ্যালারিতে থেকে ম্যাচটা কাল দেখার কথা পোপের। তার আগে তাঁর সঙ্গে কাল দেখা হয়েছে দুই দলের। প্রানদেল্লির দল এটা নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু ব্যতিক্রম একজন। মারিও বালোতেল্লি আর সবার মতো উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিচ্ছেন না। বলেছেন, তাঁর কাছে ফুটবলটাই আগে প্রাধান্য পাবে। তবে প্রানদেল্লির ধারণাটা অন্য রকম, ‘আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহেই ফুটবল খেলছি, কিন্তু পোপের সঙ্গে দেখা করার সুযোগ জীবনে তো একবারই আসে। এটা অন্য রকম একটা অনুভূতি। বালোতেল্লি যদি মনে করে আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটা পোপের সঙ্গে দেখা করার চেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমি ওর সঙ্গে একমত নই।’ আরেকজনের কাছেও ম্যাচের আবেদনটা আলাদা। জন্মভূমির বিপক্ষে খেলার অনুভূতিটা নিশ্চয়ই সুখকর হবে না ইতালির স্ট্রাইকার পাবলো অসভালদোর জন্য। জন্ম বুয়েনস এইরেসে, ফুটবলের প্রথম পাঠও সেখানেই। ২০ বছর বয়সে ইতালিতে আসার পর বদলে ফেলেন জাতীয় দল। প্রপিতামহের সুবাদে বেছে নেন ইতালিকেই। কাল প্রানদেল্লি যদি তাঁকে নামানই, অন্য রকম একটা অনুভূতি হবে তাঁর। এই দিনের প্রীতি ম্যাচের মেলায় মাঠে নামছে অন্য পরাশক্তিরাও। সুইজারল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ওয়েম্বলিতে মুখোমুখি দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-স্কটল্যান্ড। তবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়ে যেতে হচ্ছে বিশ্বের আরেক প্রান্তে, কিটোয় তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাসেলসে বেলজিয়াম আতিথ্য দেবে ফ্রান্সকে, আর কাইজারস্লটার্নে জার্মানির সামনে দাঁড়াবে প্যারাগুয়ে। নিজেদের মাঠে উরুগুয়ের পরীক্ষা নেবে জাপান। আর ফারোতে গত বছরের ইউরোকে মনে করিয়ে দেবে পর্তুগাল-হল্যান্ড ম্যাচ।