এক লাফে ছয়ে স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিজে ব্যাটটাকে তরবারি বানিয়ে বোলারদের খুন করছেন মারলন স্যামুয়েলস। মাঠের এই বীরত্বের স্বীকৃতিও নগদ পেয়ে যাচ্ছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন এই জ্যামাইকান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৪৩ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংসটা খেলেই এক লাফে ১৩ ধাপ ওপরে উঠে গেছেন স্যামুয়েলস। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার-সেরা ছয় নম্বরে এখন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। পরশু প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উল্লেখ করার মতো এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। অপরাজিত ৮৮ রানের ইনিংসটি খেলেই ১৯ ধাপ এগিয়ে ২৬-এ উঠে এসেছেন তামিম। অপরাজিত ৬৬ রান করা বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ৩৬ ধাপ পেরিয়ে এখন আছেন ১০১ নম্বরে। বোলিংয়ে আবদুর রাজ্জাক (১১) এক ধাপ ও চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া সাকিব আল হাসান (১৬) পিছিয়েছেন তিন ধাপ। ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে আছেন ব্রেন্ডন ম্যাককালাম ও সাঈদ আজমলই। গত রোববার প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের। বোলিংয়ে রাজ্জাক নবম (+১), শফিউল ৪৭তম (+১৩), মাহমুদউল্লাহ ৫৯তম (+১৬) ও নাঈম ৭০তম (+২) এগিয়েছেন বেশ। ক্যারিয়ারের প্রথম সিরিজ খেলেই ৮৬ নম্বরে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। ব্যাটিংয়ে ১৯ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ আছেন ৪৯ নম্বরে। ২০৪ রান করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারজয়ী মুশফিক ১৩ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৪৪ নম্বরে। ওয়েবসাইট।